বাংলাদেশ থেকে জরুরি ত্রাণ পাঠানো হচ্ছে আফগানিস্তানে

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৫, ১০:৫৭ এএম
বাংলাদেশ থেকে জরুরি ত্রাণ পাঠানো হচ্ছে আফগানিস্তানে

ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের জন্য জরুরি ত্রাণসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ।

শুক্রবার আফগানিস্তানে পৌঁছাবে এসব ত্রাণ।

বৃহস্পতিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

মন্ত্রণালয় জানায়, গত ১ সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত এক হাজার ৪০০ জন নিহত এবং তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। তবে বার্তা সংস্থা এএফপির সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার ২০০ ছাড়িয়েছে এবং আহত হয়েছেন তিন হাজার ৬০০ জন। পাশাপাশি আট হাজারেরও বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

ভূমিকম্পের কারণে খাদ্য, পানি ও আশ্রয়ের সংকট এবং জরুরি চিকিৎসা সেবার অভাবে সার্বিকভাবে দেশটিতে মানবিক বিপর্যয় নেমে এসেছে।

এই পরিস্থিতিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে মানবিক সহায়তা হিসেবে জরুরি ভিত্তিতে ত্রাণসামগ্রী পাঠানো হচ্ছে।

ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীতবস্ত্র, তাঁবু, বিশুদ্ধ পানি ও ওষুধ। বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ উড়োজাহাজে করে এসব ত্রাণসামগ্রী আফগানিস্তানে নিয়ে গিয়ে স্থানীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

ইএইচ