যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত জোহরান মামদানির সঙ্গে আলোচনায় তিনি 'ভাবনার চেয়ে অনেক বেশি বিষয়ে একমত হতে পেরেছেন।
হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠক শেষে ট্রাম্প এই মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, আমাদের একটি অসাধারণ বৈঠক হয়েছে। তিনি নির্বাচনে জেতার পর তাকে অভিনন্দন জানালাম। আমার বিশ্বাস নিউইয়র্কের জন্য তিনি দারুণ কাজ করবেন।
মামদানি ও ট্রাম্প দীর্ঘদিন ধরে একে অপরের প্রতি কঠোর সমালোচনামূলক মন্তব্য করে আসছিলেন। ট্রাম্প একসময় মামদানিকে ‘কমিউনিস্ট’ বলেও আক্রমণ করেছিলেন।
অন্যদিকে মামদানি নিজেকে 'ডেমোক্রেটিক সোশ্যালিস্ট' হিসেবে পরিচয় দেন এবং প্রচারণার সময় ট্রাম্পের নীতিকে কঠোরভাবে সমালোচনা করেন।
তবে আজকের বৈঠকে ট্রাম্প উল্লেখ করেন মামদানির কিছু মতামত তার কাছে 'কিছুটা অস্বাভাবিক' মনে হলেও, তিনি রক্ষণশীল ভোটারদেরও বিস্মিত করতে পারেন।
বৈঠকে ট্রাম্প ও মামদানি দুজনই নিউইয়র্ক সিটির জীবনযাত্রার ব্যয় সংকট মোকাবেলায় একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন। তারা জানান, নিউইয়র্কবাসীর জন্য বসবাসযোগ্য নগরী গড়ে তোলা এখন উভয়েরই অগ্রাধিকার।
হোয়াইট হাউস প্রতিবেদকের ভাষ্য অনুযায়ী, বৈঠকে উভয় নেতা এমনভাবে আচরণ করেছেন যেন ওভাল অফিসে কোনো ধরনের বিরোধ বা উত্তেজনা সৃষ্টি না হয়। তাদের সৌহার্দ্যপূর্ণ মনোভাব অনেককে অবাক করেছে।
সাক্ষাত শেষে বিশ্লেষকদের সামগ্রিক মূল্যায়ন ট্রাম্প ও মামদানির সম্পর্কের নাটকীয় পরিবর্তন।
গত কয়েক সপ্তাহ ধরেই ট্রাম্প সতর্ক করে আসছিলেন যে মামদানি মেয়র হলে নিউইয়র্ক পুরোপুরি 'অর্থনৈতিক ও সামাজিক বিপর্যয়ের' মুখে পড়বে। এমনকি তিনি হুমকি দিয়েছিলেন নিউইয়র্ক সিটির ফেডারেল তহবিল বন্ধ করে দেবেন, প্রয়োজনে ন্যাশনাল গার্ড মোতায়েন করবেন এবং মামদানি অভিবাসন কার্যক্রম বাধাগ্রস্ত করলে তাকে গ্রেপ্তার করতেও পিছপা হবেন না।
অন্যদিকে নির্বাচনী বিজয় ভাষণে মামদানি ট্রাম্পকে উদ্দেশ করে বলেছিলেন, আমাদের কারও কাছে যেতে হলে তোমাকে সবার ভেতর দিয়েই যেতে হবে।
কিন্তু আজকের বৈঠকে সেই তীব্রতা বা উত্তেজনার কোনো ছাপই দেখা যায়নি।
ট্রাম্প বলেন, আমি ওকে সমর্থন করব, ওর প্রতি শুভকামনা রইল।
মামদানি জানান, নিউইয়র্কবাসীর জন্য সাশ্রয়ী জীবন নিশ্চিত করতে প্রেসিডেন্টের সঙ্গে যৌথভাবে কাজ করতে মুখিয়ে আছি।
হোয়াইট হাউস সূত্র বলছে, উভয়ের ‘বন্ধুত্বপূর্ণ’ আচরণ জানুয়ারি থেকে শুরু হওয়া কাজেও বজায় থাকবে কিনা এখন সেটিই দেখার বিষয়।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন