আসন্ন সাধারণ নির্বাচনের পর বাংলাদেশে একটি 'ঐক্য সরকার' গঠনের পরিকল্পনা করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে দলটির আমির ডা. শফিকুর রহমান এই তথ্য জানিয়েছেন। একই সঙ্গে চলতি বছরের শুরুতে একজন ভারতীয় কূটনীতিকের সঙ্গে তার একটি গোপন বৈঠক হওয়ার চাঞ্চল্যকর তথ্যও তিনি প্রকাশ করেছেন।
বুধবার প্রকাশিত রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে আওয়ামী লীগ পরবর্তী রাজনীতিতে প্রভাব রাখতে সক্ষম এমন দলগুলোর সঙ্গে ভারত তাদের যোগাযোগের পরিধি ব্যাপকভাবে বাড়িয়েছে।
জামায়াত আমির জানিয়েছেন, অন্যান্য দেশের কূটনীতিকরা প্রকাশ্যে দেখা করলেও ভারতীয় ওই কর্মকর্তা বৈঠকের বিষয়টি গোপন রাখতে অনুরোধ করেছিলেন।
ভারতীয় কূটনীতিকের সঙ্গে সেই বৈঠকের বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের সবাইকে অবশ্যই একে অপরের সঙ্গে খোলামেলা হতে হবে। আমাদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ছাড়া আর কোনো বিকল্প নেই।”
রয়টার্সের পক্ষ থেকে এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বৈঠকের বিষয়টি সরাসরি নিশ্চিত করেনি। তবে ভারত সরকারের একটি উচ্চপদস্থ সূত্র জানিয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে তাঁরা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন।
পাকিস্তানের সঙ্গে জামায়াতের ‘ঐতিহাসিক’ সম্পর্কের বিষয়ে জানতে চাইলে আমির বলেন, “আমরা কোনো নির্দিষ্ট দেশের দিকে ঝুঁকে পড়তে আগ্রহী নই। বরং আমরা সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই। আমরা সব রাষ্ট্রকে সম্মান করি এবং সবার সঙ্গেই সুসম্পর্ক গড়া আমাদের লক্ষ্য।”
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াতের সঙ্গে ভারতের এই যোগাযোগ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে।
সূত্র: রয়টার্স
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন