আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফরে গেলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি সুযোগ রয়েছে কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, বিষয়টি আইনি দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করা হচ্ছে।
শনিবার নিউইয়র্ক টাইমসের ‘দ্য ইন্টারভিউ’ পডকাস্টে এ বিষয়ে কথা বলেন জোহরান মামদানি। সাক্ষাৎকারে তিনি নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে উল্লেখ করে বলেন, তাঁর যথাযথ স্থান নেদারল্যান্ডসের হেগ শহরে, যেখানে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) অবস্থিত। গুরুতর আন্তর্জাতিক অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার কার্যক্রম পরিচালিত হয় এই আদালতে।
এদিকে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি ড্যানি ড্যানন জানিয়েছেন, আগামী ২২ থেকে ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, গাজায় সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৪ সালের নভেম্বরে বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। সেই পরোয়ানাকে ঘিরেই তাঁর সম্ভাব্য নিউইয়র্ক সফর নিয়ে নতুন করে আইনি ও রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন