ইরানে এক সপ্তাহে ৮৩টি ভূমিকম্প রেকর্ড হওয়ায় দেশটির ভেতরে ও আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে খুজেস্তান ও খোরাসান অঞ্চলে একের পর এক কম্পনের ঘটনায় বিশ্লেষকদের একাংশ প্রশ্ন তুলছেন, এসব কি শুধুই প্রাকৃতিক ভূমিকম্প, নাকি এর আড়ালে রয়েছে কোনো গোপন পরমাণু পরীক্ষা? যদিও এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এমন কোনো দাবি বা স্বীকৃতি দেওয়া হয়নি।
সর্বশেষ খুজেস্তান প্রদেশে ৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূপৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার গভীরে উৎপন্ন হওয়া এ কম্পনে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সাম্প্রতিক সময়ের ধারাবাহিক ভূকম্পন নতুন করে কৌতূহলের জন্ম দিয়েছে।
তেহরান বিশ্ববিদ্যালয়ের ভূ-পদার্থবিদ্যা ইনস্টিটিউটের ভূকম্পন নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, ৩ থেকে ১০ জুলাই পর্যন্ত মাত্র এক সপ্তাহে ইরানজুড়ে মোট ৮৩টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ৭১টির মাত্রা ছিল ৩-এর নিচে, ১০টির মাত্রা ছিল ৩ থেকে ৪-এর মধ্যে এবং দুটি ভূমিকম্পের মাত্রা ছিল ৪ থেকে ৫-এর মধ্যে।
পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি ১০টি কম্পন অনুভূত হয়েছে খোরাসান রাজভি প্রদেশে। এছাড়া সেমনান, কেরমান ও ফারস প্রদেশে ৮টি করে এবং মাজানদারান প্রদেশে ৭টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। রাজধানী তেহরানেও একই সময়ে তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে।
এই ধারাবাহিক ভূকম্পনের পর কিছু বিশ্লেষক ধারণা করছেন, গোপন পরমাণু স্থাপনায় কোনো ধরনের পরীক্ষা চালানো হয়ে থাকতে পারে। তাদের যুক্তি, খুজেস্তান প্রদেশে ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা রয়েছে। অন্যদিকে খোরাসানে পরমাণু কেন্দ্র না থাকলেও অঞ্চলটি দীর্ঘদিন ধরে সামরিক তৎপরতার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। তবে এ ধরনের ধারণার পক্ষে এখন পর্যন্ত কোনো সরকারি বা স্বাধীন প্রমাণ প্রকাশিত হয়নি।
এর আগে ২০২৫ থেকে ২০২৬ সালের মাঝামাঝি সময় পর্যন্ত এক বছরে ইরানে মোট ২ হাজার ৩৮০টি ভূকম্পন রেকর্ড করা হয়েছিল। সাম্প্রতিক এক সপ্তাহের কম্পনের সংখ্যা সেই পরিসংখ্যানের আলোকে নতুন করে নজর কাড়ছে।
ভূতাত্ত্বিক অবস্থানের কারণে ইরান বিশ্বের অন্যতম ভূকম্পনপ্রবণ দেশ। পারস্য মালভূমির ওপর অবস্থিত হওয়ায় দেশটিতে নিয়মিত ছোট-বড় ভূমিকম্প ঘটে। পরিসংখ্যান বলছে, বিশ্বের মোট ভূমিকম্পের প্রায় ২ শতাংশ সংঘটিত হয় ইরানে। পাশাপাশি বিংশ শতাব্দীতে বিশ্বব্যাপী ভূমিকম্পে নিহত মানুষের ৬ শতাংশেরও বেশি ছিল এই দেশের বাসিন্দা। তাই ভূমিকম্প ইরানের জন্য নতুন কোনো ঘটনা নয়, তবে সাম্প্রতিক কম্পনের ঘনত্ব ঘিরে পরমাণু পরীক্ষা নিয়ে জল্পনা আলোচনায় এসেছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন