রয়টার্সকে ডা. শফিকুর রহমান

নির্বাচনে জয়ী হলেও ‘ঐক্য সরকার’ গড়তে চায় জামায়াত

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ০৮:২৬ পিএম
নির্বাচনে জয়ী হলেও ‘ঐক্য সরকার’ গড়তে চায় জামায়াত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও এককভাবে নয়, বরং সকল পক্ষকে নিয়ে একটি ‘জাতীয় ঐক্য সরকার’ গঠনের পরিকল্পনা করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে দলটির আমির ডা. শফিকুর রহমান এই রাজনৈতিক আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করেছেন। 

বুধবার রয়টার্স এই বিশেষ প্রতিবেদনটি প্রকাশ করে।

সাক্ষাৎকারে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা অন্তত পাঁচ বছরের জন্য একটি স্থিতিশীল বাংলাদেশ চাই। রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ হয়, তবে আমরা সবাইকে নিয়ে একসঙ্গে সরকার পরিচালনা করতে প্রস্তুত।” 

তিনি আরও উল্লেখ করেন যে, নির্বাচনী বৈতরণী পার হতে ইতোমধ্যে বেশ কিছু সমমনা দলের সাথে তাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। এমনকি ২০০ আসনে জয়ী হলেও জামায়াত জাতীয় সরকারের সিদ্ধান্ত থেকে সরে আসবে না বলে তিনি স্পষ্ট জানান।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১৭ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই অবাধ নির্বাচনে জামায়াতে ইসলামী দ্বিতীয় বৃহত্তম শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে বলে বিভিন্ন জনমত জরিপে ইঙ্গিত মিলেছে।

ভারতের সাথে ‘গোপন’ বৈঠক ও কূটনৈতিক অবস্থান

সাক্ষাৎকারের অন্যতম চাঞ্চল্যকর অংশ ছিল ভারতের সাথে জামায়াতের সাম্প্রতিক যোগাযোগ। ডা. শফিকুর রহমান নিশ্চিত করেছেন যে, চলতি বছরের শুরুর দিকে একজন ভারতীয় কূটনীতিকের সঙ্গে তার একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

তিনি দাবি করেন, অন্যান্য দেশের প্রতিনিধিরা প্রকাশ্য সাক্ষাৎ করলেও ভারতীয় ওই কর্মকর্তা বৈঠকটি গোপন রাখার অনুরোধ জানিয়েছিলেন। 

এ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “আমাদের সবার মধ্যে সম্পর্কের স্বচ্ছতা থাকা প্রয়োজন। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের কোনো বিকল্প নেই।”

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও একটি সরকারি সূত্র রয়টার্সকে জানিয়েছে যে, তারা বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ রাজনৈতিক স্টেকহোল্ডারদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। 

পাকিস্তানের সাথে ঐতিহাসিক সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে শফিকুর রহমান জানান, জামায়াত কোনো নির্দিষ্ট বলয়ে আবদ্ধ না থেকে সকল রাষ্ট্রের সাথে একটি ভারসাম্যপূর্ণ ও সম্মানজনক সম্পর্ক বজায় রাখতে চায়।

রাষ্ট্রপতি ও শাসনব্যবস্থা নিয়ে মন্তব্য

জামায়াত আমির বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিষয়ে তার দলের অস্বস্তির কথা খোলামেলাভাবে প্রকাশ করেন। তিনি মনে করেন, জামায়াতসহ গঠিত কোনো সরকারই বর্তমান রাষ্ট্রপতির অধীনে স্বস্তিবোধ করবে না। 

উল্লেখ্য, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন নিজেও এর আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রয়োজনবোধে পদত্যাগের ইঙ্গিত দিয়েছিলেন। তবে রয়টার্স এই ইস্যুতে রাষ্ট্রপতির সঙ্গে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিয়ে মন্তব্য করে পরিস্থিতি আরও জটিল করতে চান না বলে জানিয়েছেন।

সাক্ষাৎকারে ডা. শফিকুর রহমান আরও বলেন যে, আগামী নির্বাচনে সর্বোচ্চ আসন পাওয়া দল থেকেই প্রধানমন্ত্রী হওয়া উচিত। তবে জামায়াত জয়ী হলে তিনি নিজে সেই পদের দাবিদার হবেন কি না, তা দলই চূড়ান্ত করবে। এছাড়া তাঁর মতে, যেকোনো ঐক্য সরকারের জন্য প্রধান লক্ষ্য হতে হবে একটি কার্যকর ‘দুর্নীতিবিরোধী কর্মসূচি’ বাস্তবায়ন করা।

সূত্র: রয়টার্স

ইএইচ