ইসরায়েলে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার দেশটির দক্ষিণাঞ্চলে রিখটার স্কেলে ৪ দশমিক ২ মাত্রার এই কম্পন অনুভূত হয় বলে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ডিমোনার কাছাকাছি এলাকায়। এই কম্পনের ফলে লোহিত সাগর ও দক্ষিণ নেগেভ অঞ্চলে তাৎক্ষণিকভাবে সতর্কবার্তা জারি করা হয়।
তবে ইসরায়েলের জরুরি চিকিৎসাসেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদম (এমডিএ) জানিয়েছে, এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
ইতিহাসের বিধ্বংসী কিছু ভূমিকম্প ইসরায়েলের এই ভূমিকম্প বড় ধরনের ক্ষতি না করলেও বিশ্বের ইতিহাসে বেশ কিছু ভয়াবহ ভূমিকম্পের নজির রয়েছে। বিশ্বের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি হয়েছিল ১৯৬০ সালে চিলির বিওবিও প্রদেশে, যা ৯ দশমিক ৫ মাত্রার ছিল।
এই দুর্যোগে প্রাণ হারিয়েছিলেন ১ হাজার ৬৫৫ জন। এছাড়া ১৯৬৪ সালে আলাস্কায় ৯ দশমিক ২ মাত্রার এবং ২০০৪ সালে সুমাত্রা দ্বীপে ৯ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। সুমাত্রার সেই ভূমিকম্প থেকে সৃষ্ট সুনামি বিশ্বের ১৪টি দেশে প্রায় ২ লাখ ৮০ হাজার মানুষের প্রাণ কেড়ে নেয়।
তবে প্রাণহানির দিক দিয়ে সবচেয়ে ভয়াবহ ছিল ১৫৫৬ সালে চীনের শানসি প্রদেশের ভূমিকম্প, যাতে প্রায় ৮ লাখ ৩০ হাজার মানুষ মারা যান। এছাড়া ১৯৭৬ সালে চীনের তাংশানে ২ লাখ ৫৫ হাজার এবং ১১৩৮ সালে সিরিয়ার আলেপ্পোতে ২ লাখ ৩০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল শক্তিশালী ভূমিকম্পের কারণে। সাম্প্রতিক ইতিহাসেও হাইতি, ইরান ও জাপানে ভূমিকম্পে লক্ষাধিক মানুষের প্রাণহানির রেকর্ড রয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন