ট্রাম্পের অনুরোধে ইউক্রেনে হামলা স্থগিত করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৯:৪৮ এএম
ট্রাম্পের অনুরোধে ইউক্রেনে হামলা স্থগিত করল রাশিয়া

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ অনুরোধে সাড়া দিয়ে ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা সাময়িক স্থগিত করেছে রাশিয়া। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে।

শুক্রবারএক ব্রিফিংয়ে রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধকে সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা আশা করছি, এই বিরতি শান্তি আলোচনার জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরিতে সহায়ক হবে। তবে ইউক্রেনের পক্ষ থেকে পাল্টা কোনো বিরতির ঘোষণা আসবে কি না, সে বিষয়ে পেসকভ কোনো মন্তব্য করেননি।

এর আগে গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, আমি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যোগাযোগ করে কিয়েভসহ অন্যান্য শহরে হামলা বন্ধের আহ্বান জানিয়েছিলাম। তিনি তাতে রাজি হয়েছেন। আমাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।

তীব্র শীতে মানবিক সংকট বর্তমানে ইউক্রেনে তীব্র শীত অনুভূত হচ্ছে। দেশটির আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, তাপমাত্রা বর্তমানে মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসে রয়েছে, যা আগামী রোববার নাগাদ মাইনাস ১৩ ডিগ্রিতে নেমে যেতে পারে। গত ২৬ জানুয়ারি রুশ বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে রাজধানী কিয়েভের ১ হাজার ৩৩০টি অ্যাপার্টমেন্টসহ ১২ লক্ষাধিক ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ইউক্রেনের বিদ্যুৎমন্ত্রী ডেনিস শ্মিগাল জানিয়েছেন, তীব্র শীতের মধ্যে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে তাঁরা নিরলস কাজ করছেন। তবে এখনো ১০ লাখের বেশি বাড়িঘর অন্ধকার ও তাপহীন অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে ট্রাম্পের মধ্যস্থতায় রুশ হামলা স্থগিত হওয়াকে বড় একটি মানবিক স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।

জেএইচআর