ভারতের পুনে শহরের বুধওয়ার পেথ এলাকার বিভিন্ন যৌনপল্লি থেকে ১১ জন বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে পুনে সিটি পুলিশ। স্থানীয় সময় বুধবার ভোররাতে পরিচালিত অভিযানে তাদের উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া–র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, যৌনপল্লিতে জোরপূর্বক দেহব্যবসায় নিযুক্ত এক বাংলাদেশি নারী এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলার প্রায় এক মাস পর এই উদ্ধার অভিযান চালানো হলো।
গত সাত দিনের মধ্যে এটি ছিল ওই এলাকায় পুলিশের দ্বিতীয় বড় ধরনের অভিযান। এর আগে ১২ ফেব্রুয়ারি পরিচালিত অভিযানে দুই বাংলাদেশি নারী ও কয়েকজন নাবালিকাকে উদ্ধার করা হয়েছিল।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপ-পুলিশ কমিশনার (জোন-১) ঋষিকেশ রাওয়ালের নেতৃত্বে প্রায় ৭০০ সদস্যের একটি পুলিশ দল যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। মূলত অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশি নারী এবং জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করা নাবালিকাদের শনাক্ত ও উদ্ধার করতেই এই তল্লাশি চালানো হয়।
পুনের পুলিশ কমিশনার অমিতেশ কুমার জানিয়েছেন, যেসব যৌনপল্লি বা ভবনে বাংলাদেশি নারীদের অবৈধভাবে আটকে রেখে দেহব্যবসায় বাধ্য করা হয়েছে, সেগুলো সিলগালা করার উদ্যোগ নেওয়া হবে। অনৈতিক পাচার (প্রতিরোধ) আইনের আওতায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। পাশাপাশি উদ্ধার হওয়া নারীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু করা হবে বলে তিনি জানান।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন