ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ১১:৫৯ এএম
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ কখন শেষ হবে, সেই চূড়ান্ত সিদ্ধান্ত তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনার মাধ্যমেই নেবেন। 

রোববার (৮ মার্চ) ‘টাইমস অব ইসরায়েল’-কে দেওয়া এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

ট্রাম্পের মতে, এই যুদ্ধ সমাপ্তির বিষয়টি কোনো একক সিদ্ধান্ত নয়, বরং এটি একটি ‘যৌথ’ পদক্ষেপ হবে। তিনি বলেন, আমি মনে করি এটি অনেকটা যৌথ সিদ্ধান্তের মতোই হবে। আমরা এই বিষয়ে নিয়মিত কথা বলছি। সঠিক সময়ে সব বাস্তবতা বিবেচনা করে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নেব।

সাক্ষাৎকারে ট্রাম্প এক চাঞ্চল্যকর দাবি করে বলেন, তিনি এবং নেতানিয়াহু যদি নেতৃত্বে না থাকতেন, তবে ইরান এতক্ষণে ইসরায়েলকে ধ্বংস করে দিত। 

তিনি বলেন, ইরান ইসরায়েল এবং এর চারপাশের সবকিছু মুছে দিতে চেয়েছিল। আমরা একসঙ্গে কাজ করেছি এবং এমন একটি দেশকে ধ্বংস করেছি যারা ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দিতে চেয়েছিল। 

ট্রাম্পের এই বক্তব্যে স্পষ্ট যে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কৌশলগত ঐক্য অত্যন্ত সুগভীর।

যুক্তরাষ্ট্র যদি কোনো কারণে আক্রমণ বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তবে ইসরায়েল এককভাবে যুদ্ধ চালিয়ে যেতে পারবে কি না এমন প্রশ্নে ট্রাম্প কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে যোগ করেন যে, এ ধরনের পরিস্থিতির প্রয়োজন পড়বে বলে তিনি মনে করেন না।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই বক্তব্য মধ্যপ্রাচ্য সংকটে ইসরায়েলের ওপর ওয়াশিংটনের প্রভাব এবং নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের গভীর আস্থারই প্রতিফলন। বর্তমানে এই যৌথ সামরিক অভিযানের মাধ্যমে ইরানের সক্ষমতা কতটা হ্রাস পেয়েছে এবং যুদ্ধের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ কী হবে, তা নিয়ে এখন বিশ্বজুড়ে ব্যাপক জল্পনা চলছে।

জেএইচআর