মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভয়াবহ যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা করেছে ফিলিপাইন। পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ায় চরম সংকটের মুখে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়, ফিলিপাইনের প্রয়োজনীয় জ্বালানি তেলের ৯৮ শতাংশই আমদানিনির্ভর। যুদ্ধ শুরু হওয়ার পর গত তিন সপ্তাহে দেশটিতে ডিজেল ও পেট্রোলের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার (২৪ মার্চ) এক নির্বাহী আদেশের মাধ্যমে প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র দেশে ‘আসন্ন বিপদের’ কথা জানিয়ে জরুরি অবস্থা জারি করেন।
প্রেসিডেন্টের এই আদেশের ফলে সরকার জ্বালানি স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং অর্থনীতি রক্ষায় সরাসরি তেল ও পেট্রোলিয়াম পণ্য কেনার বিশেষ আইনি ক্ষমতা পাবে। এছাড়া জ্বালানি তেল, খাদ্য ও ওষুধের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঠিক বণ্টন তদারকি করতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
ফিলিপাইনের জ্বালানি মন্ত্রী জানিয়েছেন, বর্তমানে দেশটিতে মাত্র ৪৫ দিনের জ্বালানি মজুত রয়েছে। প্রেসিডেন্টের এই জরুরি অবস্থার মেয়াদ প্রাথমিকভাবে এক বছর নির্ধারণ করা হলেও পরিস্থিতি বিবেচনায় তা কমানো বা বাড়ানো হতে পারে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন