যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিমালার বিরুদ্ধে ‘নো কিংস’ (No Kings) নামক ব্যানারে দেশটির ইতিহাসের অন্যতম বৃহৎ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।
শনিবার যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ৩ হাজারেরও বেশি স্থানে একযোগে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হওয়ার কথা রয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, এবারের আন্দোলনে মূলত ট্রাম্প প্রশাসনের বিতর্কিত অভিবাসনবিরোধী নীতি এবং ইরানের সঙ্গে যুদ্ধংদেহী মনোভাবের প্রতিবাদ জানানো হবে। বিশেষ করে ওয়াশিংটন ডিসি, শিকাগো, মিনিয়াপোলিস এবং সান ফ্রান্সিসকোর মতো বড় শহরগুলোতে বিশাল জনসমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে। এমনকি মাত্র ৬ লাখ ৪৬ হাজার জনসংখ্যার ছোট অঙ্গরাজ্য ভারমন্টেও অন্তত ৪০টি বিক্ষোভ সমাবেশের পরিকল্পনা করা হয়েছে।
এর আগে ২০২৫ সালের জুন ও অক্টোবর মাসেও একই ব্যানারে বড় ধরনের আন্দোলন হয়েছিল। আয়োজকদের দাবি অনুযায়ী, গত জুনে প্রায় ৫০ লাখ এবং অক্টোবরে প্রায় ৭০ লাখ মানুষ রাস্তায় নেমে ট্রাম্পের নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় আজকের এই কর্মসূচি যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিক্ষোভের অন্যতম বড় একটি দিন হিসেবে চিহ্নিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আমেরিকার রাজনৈতিক অঙ্গনে এই আন্দোলনকে বর্তমান প্রশাসনের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন