ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় মীর জাফরের পরিবারের বহু সদস্যের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার অভিযোগ উঠেছে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এ ঘটনায় রাজ্যজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে।
জানা গেছে, বিশেষ সংক্ষিপ্ত পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়ার সময় নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম তালিকা থেকে মুছে দেওয়া হয়েছে। ফলে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুনানির নোটিশ পেয়ে তারা প্রয়োজনীয় নথিপত্র জমা দেন। কিন্তু শুনানির পরও অধিকাংশের নাম স্থায়ীভাবে বাদ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তারা।
ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধের পর ব্রিটিশদের সহায়তায় বাংলার নবাব হন মীর জাফর। বর্তমানে তাঁর ১৫তম বংশধর রেজা আলি মির্জাসহ পরিবারের সদস্যরা মুর্শিদাবাদের কিল্লা নিজামত এলাকায় বসবাস করেন। অভিযোগ অনুযায়ী, তাদের অনেকের নামই বর্তমান ভোটার তালিকা থেকে বাদ পড়েছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন