যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন প্রাণ হারিয়েছেন, এদের মধ্যে তিনজন বাংলাদেশি। দুর্ঘটনাটি সোমবার সন্ধ্যায় ব্রঙ্কস থেকে আলবানি যাওয়ার পথে রুট ৯এইচ সড়কে ঘটে।
কলম্বিয়া কাউন্টি শেরিফের দপ্তরের তথ্যমতে, ক্লেভরেকের স্পুক রক রোডে দুটি গাড়ি মুখোমুখি সংঘর্ষে ২৯ বছর বয়সী নাজমুল রুবেল, তার বাবা হীরামনি এবং রুবেলের এক বন্ধু ঘটনাস্থলেই নিহত হন। অপর গাড়িতে থাকা ৬২ বছর বয়সী জুলিয়া রিচিও নিহত হন।
ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৩৩ বছর বয়সী রত্না ও তার এক বছরের শিশু কন্যা। তাদের আলবানি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক। নিহত ও আহতদের গ্রামের বাড়ি মুরাদনগরে।
অপর গাড়ি, একটি টয়োটা ক্রাউন, চালাচ্ছিলেন ব্রুকলিনের ২৪ বছর বয়সী লুকা পালভেনিয়ান। দুর্ঘটনার পর তাকে হাসপাতালে নেওয়া হলেও পরে ছাড়া হয়েছে।
স্থানীয় ভিডিও ফুটেজে দেখা যায়, সংঘর্ষে দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। শেরিফ জ্যাকি সালভাতোরে বলেন, এটি একটি “ভয়াবহ দুর্ঘটনা”। উদ্ধারকারী দল ক্ল্যাভারাক, লিভিংস্টন ও গ্রিনপোর্ট থেকে ঘটনাস্থলে ছুটে আসে। দুর্ঘটনার কারণে প্রায় চার ঘণ্টা রুট ৯এইচ সড়কে যান চলাচল বন্ধ ছিল।
সূত্র: টাইমস ইউনিয়ন
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন