গাজা উপত্যকায় বাংলাদেশিদের উদ্যোগে কুরআন শিক্ষাকেন্দ্র চালু

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০২:৩৭ পিএম
গাজা উপত্যকায় বাংলাদেশিদের উদ্যোগে কুরআন শিক্ষাকেন্দ্র চালু

যুদ্ধবিধ্বস্ত গাজায় বাংলাদেশের মানবিক উদ্যোগে নতুন একটি শিক্ষামূলক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। বাংলাদেশি অনুদানে সেখানে একটি মাদরাসা স্থাপন করা হয়েছে, যেখানে সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে কুরআন শিক্ষা ও হিফজের সুযোগ দেওয়া হচ্ছে। এই উদ্যোগটি নিয়েছে বাংলাদেশের মানবিক সংস্থা ‘মাই ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’।

সংস্থাটি জানিয়েছে, মিশরের আল-আজহার ও কায়রো বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সহযোগিতায় ‘সাদকাহ জারিয়াহ’ প্রকল্পের আওতায় গাজায় ‘আল-ফুরকান তাহফিজ আন্তর্জাতিক মাদরাসা’ প্রতিষ্ঠা করা হয়েছে। প্রকল্পটির অর্থায়ন করেছে BMA 73 L/C।

প্রাথমিক পর্যায়ে প্রায় ৪০ জন শিক্ষার্থী নিয়ে কার্যক্রম শুরু হলেও ভবিষ্যতে আরও অনেক শিশুকে এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে। মাদরাসাটিতে সব বয়সী শিক্ষার্থীদের জন্য কুরআন শিক্ষা ও হিফজের ব্যবস্থা রাখা হয়েছে।

সংস্থার ভাষ্য অনুযায়ী, চলমান সংঘাতে গাজায় বহু মসজিদ ও মাদরাসা ধ্বংস হয়ে গেছে এবং অনেক ধর্মীয় শিক্ষক প্রাণ হারিয়েছেন। এর ফলে বিভিন্ন এলাকায় ইমাম সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতের জন্য দক্ষ ইমাম তৈরির লক্ষ্যেও এ প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে।

এদিকে গাজায় মানবিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সীমান্ত দিয়ে পর্যাপ্ত ত্রাণ প্রবেশে বাধা এবং চলমান সংঘাতের কারণে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। বহু মানুষ এখনো ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

এই পরিস্থিতিতে ‘মাই ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ তাদের ত্রাণ কার্যক্রমও অব্যাহত রেখেছে। রমজান মাসে সংস্থাটি প্রায় ৫ হাজার লিটার বিশুদ্ধ পানি বিতরণ করেছে এবং প্রায় ১,৫০০ মানুষের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, ফিলিস্তিনের জনগণের জন্য তাদের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এএন