ভ্যান্স

আস্থার সংকট ‘এক রাতে’ দূর হবে না

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৯:১৭ এএম
আস্থার সংকট ‘এক রাতে’ দূর হবে না

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের গভীর আস্থার সংকট রাতারাতি মিটে যাবে না বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তবে ইরান যে ওয়াশিংটনের সঙ্গে একটি সমঝোতা চুক্তিতে পৌঁছাতে আগ্রহী, বিষয়টিকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।

মঙ্গলবার ওয়াশিংটনে ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’ আয়োজিত এক অনুষ্ঠানে জে ডি ভ্যান্স বলেন, “ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আস্থার ব্যাপক ঘাটতি রয়েছে। এই সংকট এক রাতের মধ্যে দূর হওয়ার মতো নয়। তবে তারা আমাদের সঙ্গে আলোচনায় বসতে ও চুক্তিতে আসতে চাইছে- এটি একটি ভালো দিক। বর্তমান পরিস্থিতি নিয়ে আমি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট।”

ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উত্তেজনার জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটিতে যৌথ সামরিক অভিযান শুরু করেছিল। টানা ৪০ দিন সংঘাতের পর গত ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ দিনের জন্য যুদ্ধবিরতি কার্যকর হয়। এই যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তিতে রূপ দিতে গত ১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিরা এক উচ্চপর্যায়ের বৈঠকে বসেন। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন জে ডি ভ্যান্স এবং ইরানের পক্ষে ছিলেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ।

ইসলামাবাদে টানা ২২ ঘণ্টা ম্যারাথন আলোচনা চললেও কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই প্রথম দফার বৈঠক শেষ হয়। তবে দুই দেশের সম্পর্ক উন্নয়নের আশা এখনই শেষ হয়ে যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দুই দেশের প্রতিনিধিরা খুব শিগগিরই ইসলামাবাদে দ্বিতীয় দফা বৈঠকে বসবেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, পরবর্তী এই বৈঠকটি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। সূত্র: রয়টার্স।