বিশ্বের পাসপোর্টগুলোর সক্ষমতা নিয়ে তৈরি ‘হেনলি পাসপোর্ট ইনডেক্স’-এর সাম্প্রতিক তালিকায় বাংলাদেশের অবস্থানের কিছুটা পরিবর্তন হয়েছে। নতুন এই সূচক অনুযায়ী, শক্তিশালী পাসপোর্টের দৌড়ে বাংলাদেশ আগের তুলনায় দুই ধাপ পিছিয়ে বর্তমানে ৯৫তম অবস্থানে রয়েছে, যা আগের তালিকায় ছিল ৯৩তম। তবে এই অবস্থান সত্ত্বেও বাংলাদেশের পাসপোর্টধারীরা বিশ্বের ৩৬টি দেশে আগাম ভিসা ছাড়াই যাতায়াত করতে পারবেন।
নতুন প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশি নাগরিকরা এখন বিশ্বের যে ৩৬টি দেশে অন-অ্যারাইভাল ভিসা, ই-ভিসা বা সরাসরি ভিসামুক্ত প্রবেশের সুবিধা পাবেন, সেগুলো হলো:
বার্বাডোজ, ভুটান, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দ আইল্যান্ডস, কোমোরো আইল্যান্ডস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, নেপাল, নিউই, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস, বাহামাস, গাম্বিয়া, তিমুর, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভ্যালু এবং ভানুয়াতু।
এর মধ্যে কিছু দেশে পৌঁছানোর পর বিমানবন্দর থেকে ভিসা সংগ্রহের সুবিধা রয়েছে, আবার কিছু দেশের জন্য ভ্রমণের আগে অনলাইন বা ই-ভিসা সংগ্রহ করতে হবে।
হেনলি অ্যান্ড পার্টনার্স-এর তালিকায় বরাবরের মতোই শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দ্বিতীয় অবস্থানে যৌথভাবে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। তৃতীয় স্থানে রয়েছে সুইডেন এবং চতুর্থ অবস্থানে রয়েছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন ও সুইজারল্যান্ড। এছাড়া পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে রয়েছে যথাক্রমে মাল্টা, হাঙ্গেরি, মালয়েশিয়া ও যুক্তরাজ্যের মতো দেশগুলো।
আন্তর্জাতিক ভ্রমণে পাসপোর্টের গ্রহণযোগ্যতা ও শক্তি মূলত সংশ্লিষ্ট দেশের সাথে বিশ্বের অন্যান্য দেশের কূটনৈতিক সম্পর্কের ওপর নির্ভর করে নির্ধারিত হয়। সূচকে বাংলাদেশের অবস্থান দুই ধাপ নিচে নামলেও ৩৬টি দেশে যাতায়াতের এই সুবিধা বহাল রয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন