স্পেনে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিসহ ৫ লাখ অভিবাসী 

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৩:৫৬ পিএম
স্পেনে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিসহ ৫ লাখ অভিবাসী 

নথিবিহীন অভিবাসীদের জন্য বড় ধরনের ‘সাধারণ ক্ষমা’ কর্মসূচি অনুমোদন করেছে স্পেন সরকার। এর ফলে দেশটিতে অবস্থানরত প্রায় পাঁচ লাখ অভিবাসী আইনি স্বীকৃতি পাওয়ার সুযোগ পাবেন।

মঙ্গলবার প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ-এর নেতৃত্বাধীন সরকার এই সিদ্ধান্ত নেয়। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকে আনুষ্ঠানিকভাবে আবেদন প্রক্রিয়া শুরু হবে।

এই উদ্যোগের মাধ্যমে স্পেনে দীর্ঘদিন ধরে বসবাসরত নথিবিহীন অভিবাসীরা বৈধতার জন্য আবেদন করতে পারবেন। তবে ইউরোপসহ বিভিন্ন অঞ্চলে অভিবাসনবিরোধী মনোভাব বাড়তে থাকায় সরকারের এই সিদ্ধান্তকে রাজনৈতিকভাবে বিতর্কিত হিসেবে দেখা হচ্ছে।

সরকারের এই পদক্ষেপকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিপক্ষদের মধ্যে সমালোচনা শুরু হয়েছে। এমনকি কিছু সরকারি কর্মকর্তাও উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এ ধরনের বিপুল সংখ্যক আবেদন সামলানো তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

অভিবাসন আইন সংশোধনের একটি ডিক্রি জারির মাধ্যমে দ্রুত এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। এতে আইনসভায় দীর্ঘ প্রক্রিয়া এড়িয়ে যাওয়ার সুযোগ পেয়েছে বামপন্থী সরকার। এর আগে একই বিষয়ে একটি বিল সংসদে পাস করানোর চেষ্টা ব্যর্থ হয়েছিল।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত স্পেনকে ইউরোপে অভিবাসন নীতিতে তুলনামূলকভাবে ব্যতিক্রমী অবস্থানে নিয়ে গেছে।

এএন