যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার প্রেক্ষাপটে ইরান কঠোর অবস্থান বজায় রাখার ইঙ্গিত দিয়েছে। দেশটির সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, তেহরানের “হাত ট্রিগারেই রয়েছে” এবং প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় আছে।
ইরান সরকারের মুখপাত্র ফাতেমাহ মোহাজেরানি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ-কে বলেন, আলোচনার পাশাপাশি ইরানের প্রতিরক্ষা ও সামরিক প্রস্তুতি সম্পূর্ণ সক্রিয় রয়েছে।
তিনি আরও বলেন, “আমাদের সামনে দুটি পথ রয়েছে একটি যুদ্ধের, আরেকটি কূটনীতির। আমরা আলোচনায় থাকলেও নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।”
মোহাজেরানি সতর্ক করে বলেন, ইরান আর কোনো হামলার শিকার হতে চায় না। তবে ভবিষ্যতে আক্রমণ হলে তার জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে।
তিনি জানান, আলোচক দল দেশের জাতীয় স্বার্থের বিষয়ে কোনো ধরনের আপস করবে না। পাশাপাশি সম্ভাব্য পরবর্তী দফা আলোচনায় ইরানের অংশগ্রহণ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সূত্র: বিবিসি
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন