মাসুদ পেজেশকিয়ান

ইতিহাস থেকে শিক্ষা না নিলে পরাজয়ের পুনরাবৃত্তি দেখবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৯:৫৮ পিএম
ইতিহাস থেকে শিক্ষা না নিলে পরাজয়ের পুনরাবৃত্তি দেখবে যুক্তরাষ্ট্র
মাসউদ পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্রসহ “অহংকারী শক্তিগুলোকে” ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি দাবি করেন, যেমন ৪৬ বছর আগে তাবাসে যুক্তরাষ্ট্র বড় ধরনের ব্যর্থতার মুখে পড়েছিল, তেমনি সাম্প্রতিক সময়েও ইসফাহানে আরেকটি বড় পরাজয়ের ঘটনা ঘটেছে।

এক্স-এ (টুইটার) এক পোস্টে তিনি ১৯৮০ সালের এপ্রিল মাসে ইরানের তাবাস মরুভূমিতে যুক্তরাষ্ট্রের ব্যর্থ অভিযানের বার্ষিকী স্মরণ করেন। সে সময় “অপারেশন ঈগল ক্ল” নামে পরিচিত এক অভিযানে ইরানে আটক মার্কিন নাগরিকদের উদ্ধারের চেষ্টা করা হয়, কিন্তু আকস্মিক বালুঝড়ের কারণে তা ব্যর্থ হয়।

পেজেশকিয়ান বলেন, “এই দিনটি দেখিয়েছে যে, অন্য সব ইচ্ছার ওপর আল্লাহর ইচ্ছার জয় হয়।”

তিনি আরও যোগ করেন, “এ বছরও আল্লাহর কৃপায় দক্ষিণ ইসফাহানে আরেকটি ‘তাবাস’ রচিত হয়েছে, যা প্রমাণ করে তাবাসের মরুভূমির সেই আল্লাহ এখনো এই জাতির রক্ষক।”

ইরানের প্রেসিডেন্ট আরও সতর্ক করে বলেন, যারা আগ্রাসন চালায়, তারা যদি ইতিহাস থেকে শিক্ষা না নেয়, তাহলে এমন অপমানজনক পরাজয়ের পুনরাবৃত্তি দেখতে বাধ্য হবে।

তার এই বক্তব্যে ২০২৬ সালের এপ্রিলের শুরুর দিকে ঘটে যাওয়া একটি কথিত মার্কিন অভিযানের কথা উল্লেখ করা হয়। ইরানি দাবি অনুযায়ী, একটি ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারের উদ্দেশ্যে চালানো ওই অভিযানে মার্কিন কমান্ডো ইউনিটগুলোকে দ্রুত প্রতিহত করা হয়।

ইরানের সশস্ত্র বাহিনী দাবি করেছে, দক্ষিণ ইসফাহানের একটি পরিত্যক্ত বিমানবন্দরের কাছে তারা দুটি সি-১৩০ পরিবহন বিমান এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করেছে, যেখানে মার্কিন বাহিনী গোপনে অবতরণের চেষ্টা করছিল।

প্রতিবেদন অনুযায়ী, অন্তত পাঁচজন মার্কিন সেনা নিহত হয় এবং বাকিরা অন্য বিমানযোগে পালিয়ে যায়, রেখে যায় কিছু সংবেদনশীল সরঞ্জাম ও নথিপত্র।

সূত্র: প্রেস টিভি

এএন