ট্রাম্প

ইরান চাইলে আলোচনার জন্য যোগাযোগ করতে পারে

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ১০:০২ এএম
ইরান চাইলে আলোচনার জন্য যোগাযোগ করতে পারে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান সংঘাত নিরসনে ইরান যদি আলোচনায় আগ্রহী হয়, তাহলে তারা সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে পারে। 

ফক্স নিউজের ‘দ্য সানডে ব্রিফিং’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

ট্রাম্প জানান, ইরান চাইলে যুক্তরাষ্ট্রকে ফোন করতে বা যোগাযোগের অন্য যেকোনো নিরাপদ উপায় ব্যবহার করতে পারে। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের কাছে উন্নত ও নির্ভরযোগ্য যোগাযোগ ব্যবস্থা রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতির অবসান ‘খুব শিগগিরই’ হতে পারে বলে তিনি মনে করেন এবং এতে যুক্তরাষ্ট্র জয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ইরান প্রসঙ্গে ট্রাম্প বলেন, দেশটির সঙ্গে আলোচনায় যুক্ত কিছু ব্যক্তি বিচক্ষণ হলেও সবাই তেমন নন, তবে তিনি আশা করেন ইরান শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্ত নেবে।

এছাড়া তিনি জোর দিয়ে বলেন, ইরানের সঙ্গে ভবিষ্যৎ যেকোনো চুক্তিতে অবশ্যই তাদের পারমাণবিক কর্মসূচি ত্যাগের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে।

অন্যদিকে, সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি গত দুই দিনে আঞ্চলিক তিনটি দেশ সফর করছেন। রোববার রাতে পাকিস্তান সফর শেষে তিনি রাশিয়ার উদ্দেশে রওনা হন।

রাশিয়া সফরে সেন্ট পিটার্সবার্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। পাশাপাশি ওই বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভও অংশ নেবেন বলে জানিয়েছে ইরনা।

বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনা এবং তা নিরসনে সম্ভাব্য কূটনৈতিক পথ নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, চলতি সপ্তাহেই দুবার পাকিস্তান সফর করেছেন আরাঘচি। প্রথমবার তিনি শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছান এবং ওমানে উচ্চপর্যায়ের বৈঠক শেষে আবারও রোববার পাকিস্তানে ফিরে যান।

এম জি