ওয়াশিংটনের কাছে নতুন প্রস্তাব পাঠাতে পারে তেহরান

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ১০:৩০ পিএম
ওয়াশিংটনের কাছে নতুন প্রস্তাব পাঠাতে পারে তেহরান

সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের কাছে একটি সংশোধিত ও নতুন প্রস্তাব পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান আশা করছে, আগামী কয়েকদিনের মধ্যেই এই প্রস্তাবটি তাদের হাতে পৌঁছাতে পারে। মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগে ইরানের পক্ষ থেকে দেওয়া একটি প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পছন্দ হয়নি। সংশ্লিষ্ট সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, ট্রাম্প আগের প্রস্তাবটি গ্রহণ না করার ইঙ্গিত দিয়েছিলেন। নতুন প্রস্তাবে ইরান আগে যুদ্ধ বন্ধ এবং পরবর্তীতে পারমাণবিক কার্যক্রমসহ অন্যান্য অমীমাংসিত বিষয়ে আলোচনার শর্ত দিতে পারে। তবে ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনির সাথে যোগাযোগের সীমাবদ্ধতার কারণে এই প্রক্রিয়া কিছুটা ধীরগতিতে চলছে।

রাশিয়া সফর শেষে মঙ্গলবার তেহরানে পৌঁছানোর কথা রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির। দেশে ফেরার পর তিনি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে এই সংশোধিত প্রস্তাব নিয়ে বিস্তারিত পরামর্শ করবেন। বর্তমান টালমাটাল পরিস্থিতিতে এই প্রস্তাবটি ওয়াশিংটনের কাছে কতটা গ্রহণযোগ্য হয়, তার ওপরই নির্ভর করছে পরবর্তী কূটনৈতিক পদক্ষেপ।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক বার্তায় দাবি করেছেন, ইরান বর্তমানে বিধ্বস্ত অবস্থায় রয়েছে। তারা দ্রুততম সময়ে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কাছে আবেদন করেছে। 

ট্রাম্প আরও দাবি করেন, ইরানের অভ্যন্তরীণ নেতৃত্ব বর্তমানে দিশেহারা এবং তারা জানে না তাদের মূল নেতা কে। তবে তেহরানের পক্ষ থেকে ট্রাম্পের এই দাবির বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

জেএইচআর