অভ্যন্তরীণ উৎপাদন ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সব ধরনের ইস্পাত (স্টিল) পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ইরান।
ইসরায়েলি বিমান হামলায় দেশটির ইস্পাত শিল্পে বড় ধরনের বিপর্যয় নেমে আসার পর তেহরান এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। গত ২৬ এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে বলে দেশটির কাস্টম কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
ফার্স নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, ইরানের কাস্টম বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় স্ল্যাব, শিট ও স্ট্রিপসহ বিভিন্ন ইস্পাতজাত পণ্য বিদেশে পাঠানো বন্ধ করে দেওয়া হয়েছে।
সাম্প্রতিক যুদ্ধবিরতির ঠিক আগে, গত ৮ এপ্রিল ইসরায়েল দাবি করেছিল যে তাদের বিমান হামলায় ইরানের প্রায় ৭০ শতাংশ ইস্পাত উৎপাদন সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। শুধু ইস্পাত নয়, ইরানের পেট্রোকেমিক্যাল কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ পরিবহন অবকাঠামোগুলোও এই হামলার লক্ষ্যবস্তু ছিল।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই শিল্প খাতে এমন বিশাল ক্ষতি ইরানের অর্থনীতির ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অভ্যন্তরীণ চাহিদা মেটাতে এবং ভেঙে পড়া শিল্প খাতকে পুনরায় সচল করতেই মূলত রপ্তানি বন্ধের এই কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন