জার্মানির প্রদর্শনী

রোবট কুকুরের মুখে মাস্ক-জাকারবার্গ-কিম জং উন!

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০১:১৭ পিএম
রোবট কুকুরের মুখে মাস্ক-জাকারবার্গ-কিম জং উন!
ছবি: সংগৃহীত

জার্মানির রাজধানী বার্লিনে একটি আর্ট গ্যালারিতে ব্যতিক্রমী ও প্রযুক্তিনির্ভর শিল্পকর্ম প্রদর্শনী ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সেখানে রোবট কুকুরের শরীরে সংযুক্ত করা হয়েছে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিত্ব ও ঐতিহাসিক শিল্পীদের মুখাবয়ব, যা দর্শকদের দৃষ্টি কাড়ছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, “রেগুলার অ্যানিম্যালস” নামের এই প্রদর্শনীর মূল ধারণা তৈরি করেছেন এক মার্কিন ডিজিটাল শিল্পী। গ্যালারির ভেতরে রোবট কুকুরগুলো স্বাধীনভাবে চলাফেরা করছে, একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছে এবং দর্শকদের সঙ্গে মিথস্ক্রিয়ায় অংশ নিচ্ছে।

প্রদর্শনীতে ব্যবহৃত রোবট কুকুরগুলোর মুখে দেখা যাচ্ছে ইলন মাস্ক, জেফ বেজোস, মার্ক জাকারবার্গ, পাশাপাশি শিল্প ইতিহাসের বিখ্যাত নাম পাবলো পিকাসো ও অ্যান্ডি ওয়ারহল। এমনকি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রতিচ্ছবিও এই তালিকায় রয়েছে।

প্রতিটি রোবট কুকুরে যুক্ত ক্যামেরা চারপাশের দৃশ্য ধারণ করে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তা বিশ্লেষণ করে নতুন ভিজ্যুয়াল তৈরি করছে। এরপর সেই ভিজ্যুয়াল প্রিন্ট আকারে প্রকাশ করা হচ্ছে, যা কুকুরের আচরণের সঙ্গে তুলনামূলকভাবে উপস্থাপন করা হয়েছে।

শিল্পকর্মের বৈশিষ্ট্য অনুযায়ী, ভিন্ন ভিন্ন ব্যক্তিত্বের মুখাবয়ব অনুযায়ী তৈরি হচ্ছে ভিন্ন ধরণের ভিজ্যুয়াল। যেমন পিকাসোর মুখযুক্ত রোবট ছবি তৈরি করছে কিউবিস্ট ধাঁচে, আর অ্যান্ডি ওয়ারহলের প্রতিচ্ছবি পপ-আর্ট স্টাইলে প্রতিফলিত হচ্ছে।

শিল্পীর ভাষ্য অনুযায়ী, এই কাজের মাধ্যমে দেখানো হয়েছে কীভাবে আধুনিক বিশ্বে আমাদের দৃষ্টিভঙ্গি ও বাস্তবতা ক্রমশ নিয়ন্ত্রিত হচ্ছে প্রযুক্তি, ডেটা এবং অ্যালগরিদমের মাধ্যমে। তার মতে, এখন আর কেবল শিল্পীরা নয়, বরং প্রযুক্তিই নির্ধারণ করছে মানুষ কী দেখবে এবং কীভাবে দেখবে।

প্রদর্শনীর কিউরেটর বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির এই দ্রুত অগ্রগতি মানবজীবনে গভীর প্রভাব ফেলছে। সেই পরিবর্তন নিয়েই দর্শকদের ভাবাতে এই আয়োজন।

ব্যতিক্রমী এই রোবট কুকুর প্রদর্শনী ইতোমধ্যেই দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে এবং আন্তর্জাতিক শিল্পজগতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

এএন