ট্রাম্পকে ‘মহা শয়তান’ আখ্যা দিয়ে মোজতবা খামেনির কঠোর হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ১, ২০২৬, ১২:১৭ এএম
ট্রাম্পকে ‘মহা শয়তান’ আখ্যা দিয়ে মোজতবা খামেনির কঠোর হুঁশিয়ারি

পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার পারদ চড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ট্রাম্পকে ‘মহা শয়তান’ বলে অভিহিত করার পাশাপাশি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি নিয়ে নিজের দেশের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-র তথ্যমতে, ইরানের নেতৃত্ব পারস্য উপসাগরকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদ হিসেবে দাবি করেছে। মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রকে এই অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির প্রধান কারিগর হিসেবে অভিযুক্ত করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পারস্য উপসাগরের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে ইরান কোনো আপস করবে না এবং বিদেশি শক্তির ‘অপশক্তি’ এই অঞ্চল থেকে দূর করা হবে।

উল্লেখ্য যে, বর্তমানে হরমুজ প্রণালি টানা ৫৫ দিনের বেশি সময় ধরে বন্ধ রয়েছে। ইরান শর্ত দিয়েছিল যে, তাদের বন্দরের ওপর থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার করা হলে তারা এই গুরুত্বপূর্ণ নৌপথটি খুলে দেবে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে জানা গেছে। এই অচলাবস্থার কারণে বিশ্ব অর্থনীতি ও তেল সরবরাহে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বার্তায় খামেনি দাবি করেন, মার্কিন সামরিক ঘাঁটিগুলো অস্থিতিশীলতার উৎস এবং সেগুলো নিজেদের নিরাপত্তাই নিশ্চিত করতে সক্ষম নয়। সম্প্রতি ইরানের নৌবাহিনী প্রধানের পক্ষ থেকে নতুন ও শক্তিশালী অস্ত্রের ইঙ্গিত দেওয়ার পর খামেনি হুঁশিয়ারি দেন যে, যারা হাজার মাইল দূর থেকে এই অঞ্চলে অশান্তি ছড়াতে আসবে, তাদের জায়গা হবে ‘পানির গভীরে’।

মোজতবা খামেনি বলেন, উপসাগর ও হরমুজ প্রণালির জন্য একটি ‘নতুন অধ্যায়’ শুরু হতে যাচ্ছে, যা এই অঞ্চলে শান্তি ও অর্থনৈতিক সমৃদ্ধি আনবে। পরিশেষে তিনি পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমেরিকার উপস্থিতিহীন ভবিষ্যৎই হবে এই অঞ্চলের জন্য উজ্জ্বল ও নিরাপদ।

জেএইচআর