যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১, ২০২৬, ১০:৩১ পিএম
যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু

যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। শুক্রবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, শুক্রবার ফ্লোরিডার পুলিশ বিভাগ বৃষ্টির ভাইকে ফোন করে উদ্ধারকৃত দ্বিতীয় মরদেহটি বৃষ্টির বলে নিশ্চিত করেছে। শনাক্তকরণের পর বৃষ্টির পরিবারের পক্ষ থেকে মরদেহটি দ্রুত দেশে পাঠানোর জন্য সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে।

পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস মরদেহ বাংলাদেশে পাঠানোর আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে। এ কাজে সার্বিক সহযোগিতা প্রদান করছে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট।

এদিকে, এই ঘটনায় নিহত অপর বাংলাদেশি জামিল আহমেদ লিমনের মরদেহ আগামী ২ মে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হবে। দুবাই হয়ে ৪ মে মরদেহটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

উল্লেখ্য, লিমেন ও বৃষ্টির হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্ত হিশাম আবুঘরবের বিরুদ্ধে 'ফাস্ট ডিগ্রি মার্ডার' বা সর্বোচ্চ মাত্রার হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে। মার্কিন আদালত তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

জেএইচআর