যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মর্মান্তিক হত্যাকাণ্ডে প্রাণ হারানো বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ অবশেষে দেশের উদ্দেশে পাঠানো হয়েছে।
শনিবার সন্ধ্যায় ওরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লিমনের মরদেহ দেশে পাঠানো হয়। মায়ামি বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল সেহেলী সাবরীন ও কনসাল থোইং এর উপস্থিতিতে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়। দুবাই হয়ে আগামীকাল মঙ্গলবার (৪ মে) সকাল ৮টা ৪০ মিনিটে মরদেহটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
গত ২৫ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধারের পর ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস, মায়ামির কনস্যুলেট জেনারেল, নিহতের পরিবার, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ, টাম্পার প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং স্থানীয় পুলিশের সমন্বয়ে দ্রুত সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
এর আগে বৃহস্পতিবার টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়া মসজিদে জোহরের নামাজের পর লিমনের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইউনিভার্সিটির শিক্ষার্থী, নিহতের খালাসহ мног স্থানীয় প্রবাসী বাংলাদেশি অংশ নেন।
একই ঘটনায় নিহত আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহও শনাক্ত হয়েছে। গত ১ মে হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস এ বিষয়টি নিশ্চিত করে। মায়ামি কনস্যুলেট জেনারেল তার মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছেন কনসাল জেনারেল সেহেলী সাবরীন।
দুই তরুণ শিক্ষার্থীর এই অকালমৃত্যু প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের সৃষ্টি করেছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন