যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা ও সংঘাত বন্ধে কূটনৈতিক তৎপরতায় এগোতে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে তিনি স্পষ্টভাবে বলেছেন, দেশের জনগণের অধিকার ও স্বার্থ রক্ষার ক্ষেত্রে কোনো আপস করবে না তেহরান।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে টেলিফোনে আলোচনার সময় পেজেশকিয়ান এ অবস্থান তুলে ধরেন। ইরানের প্রেসিডেন্টের দপ্তরের প্রকাশিত বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে সিনহুয়া নিউজ এজেন্সি।
আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অবিশ্বাসের কথাও উল্লেখ করেন ইরানের প্রেসিডেন্ট। তাঁর দাবি, দ্বিপক্ষীয় আলোচনা চলাকালেই যুক্তরাষ্ট্র ইরানের ওপর দুই দফা হামলা চালিয়েছে। এ ঘটনাকে তিনি ইরানের বিরুদ্ধে ‘পেছন থেকে ছুরি মারা’র সঙ্গে তুলনা করেন।
এদিকে অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সংক্ষিপ্ত সমঝোতা স্মারকের বিষয়ে চূড়ান্ত পর্যায়ের আলোচনায় রয়েছে।
প্রস্তাবিত সমঝোতা অনুযায়ী, ইরান সাময়িকভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রাখতে সম্মত হতে পারে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্যোগ নিতে পারে।
এ ছাড়া হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ওপর বিদ্যমান সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহারের বিষয়েও উভয় পক্ষের মধ্যে সমঝোতা হতে পারে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন