আটকে গেল থালাপতি বিজয়ের শপথ গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ৮, ২০২৬, ১১:৫২ পিএম
আটকে গেল থালাপতি বিজয়ের শপথ গ্রহণ

তামিলনাড়ুর রাজনীতিতে বড় ধরনের নাটকীয়তা তৈরি হয়েছে। সরকার গঠনের দৌড়ে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে শপথ নিতে পারছেন না অভিনেতা ও রাজনীতিবীদ থালাপতি বিজয়। শনিবার তার শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে না বলে নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

তামিলনাড়ু বিধানসভার মোট ২৩৪টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। গত ৪ মে ঘোষিত নির্বাচনী ফলাফলে বিজয়ের দল 'তামিলাগা ভেট্টি কাঝাগাম' (টিভিকে) ১০৮টি আসনে জয়লাভ করে। সরকার গঠনের লক্ষ্যে কয়েকটি আঞ্চলিক দলের সমর্থন নিয়ে তার জোটের আসন সংখ্যা ১২০-এ পৌঁছানোর দাবি করা হলেও শেষ মুহূর্তে সমীকরণ বদলে যায়।

শুক্রবার রাজ্যপালের সঙ্গে টানা তিন দিনের বৈঠকের পরও সরকার গঠনের আমন্ত্রণ পাননি বিজয়। রাজ্যপাল সাফ জানিয়ে দিয়েছেন, বিজয়ের নেতৃত্বাধীন জোট এখনও পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা (ম্যাজিক ফিগার) প্রমাণ করতে পারেনি। সংশ্লিষ্ট সূত্রমতে, বর্তমানে বিজয়ের জোটে নিশ্চিত আসন সংখ্যা ১১৬টি, যা প্রয়োজনীয় সংখ্যা থেকে দুটি কম।

জানা গেছে, ভিসিকে (VCK) এবং আইইউএমএল (IUML) নামের দুটি দলের সমর্থন নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। আইইউএমএল ইতোমধ্যে এক বিবৃতিতে জানিয়েছে, তারা বিজয়কে সমর্থন দিচ্ছে না। এছাড়া টিটিভি নামের আরেকটি দলও টিভিকে জোটে যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছে।

সমর্থন পাওয়ার বিষয়ে প্রাথমিক আশ্বাস থাকলেও শেষ মুহূর্তে ছোট দলগুলোর পিছুটানে থালাপতি বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার পথ আপাতত আটকে গেল। এই পরিস্থিতির ফলে তামিলনাড়ুর রাজনীতিতে নতুন করে অচলাবস্থা তৈরি হয়েছে। পরবর্তী সরকার গঠনে বিজয় নতুন কোনো জোট গড়তে পারেন কি না, এখন সেটিই দেখার বিষয়।

জেএইচআর