স্পেনের দ্বীপে ভিড়ল হান্টাভাইরাস আক্রান্ত প্রমোদতরী

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ১০, ২০২৬, ০২:৩৮ পিএম
স্পেনের দ্বীপে ভিড়ল হান্টাভাইরাস আক্রান্ত প্রমোদতরী

হান্টাভাইরাসের প্রাদুর্ভাবে মাঝসমুদ্রে অনিশ্চয়তায় পড়ে থাকা প্রমোদতরী ‘এমভি হনডিয়াস’ অবশেষে স্পেনের টেনেরিফ দ্বীপে পৌঁছেছে। কয়েকটি দেশের বন্দরে প্রবেশের অনুমতি না পাওয়ার পর রোববার সকালে জাহাজটি ক্যানারি দ্বীপপুঞ্জের গ্রানাডিলা বন্দরে নোঙর করে। এরপরই কঠোর সতর্কতার মধ্য দিয়ে যাত্রীদের প্রত্যাবাসন কার্যক্রম শুরু হয়।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটিকে ডক থেকে নিরাপদ দূরত্বে রাখা হয়েছে। জাহাজে থাকা ১৪৭ জন যাত্রীকে ছোট ছোট নৌকায় করে তীরে আনা হবে। যাত্রীদের জাতীয়তা অনুযায়ী সর্বোচ্চ ১০ জন ধারণক্ষমতার নৌকায় স্থানান্তর করা হচ্ছে। পরে তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে।

স্পেনের স্বাস্থ্যমন্ত্রী মনিকা গার্সিয়া জানিয়েছেন, যাত্রী ও নাবিকদের স্বাস্থ্য পরীক্ষা চালাতে বিশেষ মেডিক্যাল দল জাহাজে প্রবেশ করেছে। জাহাজটিতে যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের নাগরিক রয়েছেন। এসব দেশ তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে বিশেষ বিমান পাঠাচ্ছে।

প্রমোদতরীটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ওশানওয়াইড এক্সপেডিশনস জানিয়েছে, প্রত্যাবাসনের জন্য আসা ফ্লাইটগুলোর সঙ্গে সমন্বয় করে যাত্রী নামানোর প্রক্রিয়া সম্পন্ন করা হবে। যাত্রীদের লাগেজ আপাতত জাহাজেই রাখা হবে এবং পরে সেগুলো ফেরত দেওয়া হবে।

মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের এক কর্মকর্তা জানিয়েছেন, সংক্রমিত নন এমন ১৭ জন মার্কিন যাত্রীকে নেব্রাস্কা মেডিক্যাল সেন্টারে নেওয়া হবে। সেখানে প্রাথমিক পরীক্ষা ও পর্যবেক্ষণের পর তাদের ৪২ দিন নিজ বাসায় পর্যবেক্ষণে থাকতে হবে। এদিকে ১৪ জন স্প্যানিশ যাত্রীকে প্রথমে জাহাজ থেকে নামানো হতে পারে বলে জানা গেছে।

গত মাসে আর্জেন্টিনা থেকে যাত্রা শুরুর পর এমভি হনডিয়াসে হান্টাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। বিরল এই রোগ সাধারণত সংক্রমিত ইঁদুরের মূত্র বা মলের সংস্পর্শে এলে ছড়ায়। এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া অসুস্থ আরও কয়েকজনকে চিকিৎসার জন্য আগেই জাহাজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রথমে জাহাজটির কেপ ভার্দেতে ভেড়ার কথা থাকলেও হান্টাভাইরাস আতঙ্কে পশ্চিম আফ্রিকার দ্বীপদেশগুলো সেটিকে প্রবেশের অনুমতি দেয়নি। পরে জাহাজটি স্পেনের উদ্দেশে যাত্রা করে। তবে সেখানেও এটি ভেড়ানো নিয়ে মতবিরোধ তৈরি হয়।

ক্যানারি দ্বীপপুঞ্জে জাহাজটিকে ভেড়ানোর সিদ্ধান্তের বিরোধিতা করেছেন দ্বীপটির প্রেসিডেন্ট। তবে স্পেন সরকারের মন্ত্রীরা বলছেন, জননিরাপত্তার বিষয় বিবেচনায় ক্যানারি দ্বীপই বর্তমানে জাহাজটির জন্য সবচেয়ে নিরাপদ স্থান।

এম জি