পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১২ পুলিশ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ১০, ২০২৬, ০২:৫৮ পিএম
পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১২ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় গাড়ি বোমা হামলা ও গুলিতে ১২ পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে আফগানিস্তান সীমান্তবর্তী এ এলাকায় হামলার ঘটনা ঘটে।

ইত্তেহাদ-উল-মুজাহিদীন পাকিস্তান নামের একটি সশস্ত্র গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে।

পুলিশ কর্মকর্তা জাহিদ খান বার্তা সংস্থা এএফপিকে জানান, একটি নিরাপত্তা চৌকির কাছে এক আত্মঘাতী হামলাকারী ও কয়েকজন সন্ত্রাসী বিস্ফোরকবোঝাই গাড়ির বিস্ফোরণ ঘটায়। এতে নিরাপত্তা চৌকিটি ধসে পড়ে। হামলার পর ঘটনাস্থলে চৌকিটিকে ধ্বংসস্তূপে পরিণত হতে দেখা যায়।

বার্তা সংস্থা রয়টার্স নিরাপত্তা বাহিনীর কয়েকটি সূত্রের বরাতে জানিয়েছে, বোমা হামলার পর ঘটনাস্থলে পৌঁছানো পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় তাদের ছোড়া গুলিতে কয়েকজন হতাহত হন।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা জানান, সন্ত্রাসীরা প্রথমে বিস্ফোরকবোঝাই গাড়ি দিয়ে নিরাপত্তা চৌকিতে হামলা চালায়। পরে তারা এলোপাতাড়ি গুলি শুরু করে। সহায়তার জন্য সেখানে পাঠানো অন্য পুলিশ সদস্যদেরও অতর্কিতে লক্ষ্য করে হামলা চালানো হয়।

হামলায় ড্রোনও ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের আরেকটি সূত্র। তাদের আশঙ্কা, নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে।

পুলিশ সূত্র বলছে, গাড়ি বোমার বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে পাশের বেসামরিক মানুষের ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: আল জাজিরা

এম জি