কাঠমান্ডু বিমানবন্দরে উড়োজাহাজের চাকায় আগুন

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৭:২০ পিএম
কাঠমান্ডু বিমানবন্দরে উড়োজাহাজের চাকায় আগুন

নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই তুরস্কের জাতীয় বিমান সংস্থা টার্কিশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের চাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার স্থানীয় সময় সকালে ঘটে যাওয়া এ ঘটনায় কয়েকজন যাত্রী আহত হয়েছেন, তবে কারও আঘাত গুরুতর নয়।

বিমানবন্দর সূত্র জানায়, ইস্তাম্বুল থেকে ছেড়ে আসা ফ্লাইটটিতে ২৭৭ জন যাত্রী ও ১১ জন ক্রু সদস্য ছিলেন। স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৭টা) উড়োজাহাজটি রানওয়েতে অবতরণের কয়েক মুহূর্তের মধ্যেই এক পাশের দুটি চাকায় আগুন ধরে যায়।

ঘটনার পরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ জরুরি নির্গমন স্লাইড চালু করে যাত্রী ও ক্রুদের দ্রুত নিরাপদে সরিয়ে নেয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ত্রিভুবন বিমানবন্দরের অগ্নিনির্বাপক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা এসপি রাজকুমার ভারতী বলেন, আগুন নেভানোর পাশাপাশি যাত্রী ও ক্রুদের দ্রুততম সময়ে নিরাপদে নামিয়ে আনা হয়েছে।

আগুন লাগার কারণে উড়োজাহাজটি কিছু সময় রানওয়েতে আটকে থাকায় রানওয়ে সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে বিমানবন্দরের ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে এবং কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বিলম্বিত হয়।

এ ঘটনায় নেপালের বিমান দুর্ঘটনা তদন্ত সংস্থা কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

এম জি