বুলডোজার দিয়ে ৫০ ফিলিস্তিনি দোকান গুঁড়িয়ে দিল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ১৩, ২০২৬, ১১:১৪ পিএম
বুলডোজার দিয়ে ৫০ ফিলিস্তিনি দোকান গুঁড়িয়ে দিল ইসরায়েল

জেরুজালেমের দক্ষিণ-পূর্বে অবস্থিত আল-আইজারিয়া শহরের প্রান্তে কয়েক ডজন ফিলিস্তিনি দোকান ভেঙে দিয়েছে ইসরায়েলি বুলডোজার। চলতি সপ্তাহে পরিচালিত এই উচ্ছেদ অভিযানকে দখলকৃত পশ্চিম তীরে নতুন বসতি-সংযুক্ত সড়ক নির্মাণ প্রকল্পের প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার চালানো এই অভিযানের কয়েক দিন আগেই দোকানমালিকদের কাছে ‘পারমিট ছাড়া নির্মাণ’ অভিযোগে উচ্ছেদের নোটিশ পাঠানো হয়। পরে আইনজীবীরা ইসরায়েলি সুপ্রিম কোর্টে আপিল করলেও উচ্ছেদ কার্যক্রম বন্ধ হয়নি।

বসতি সম্প্রসারণবিরোধী সংগঠন পিস নাউ এর পরিচালক হাগিত ওফরান বলেন, ভেঙে ফেলা দোকানগুলোর জায়গায় ইসরায়েল নতুন একটি সড়ক নির্মাণের পরিকল্পনা করছে। তাঁর ভাষায়, এই সড়ক ফিলিস্তিনি যানবাহনকে আলাদা পথে সরিয়ে দেবে, যাতে ই১ এলাকায় ফিলিস্তিনিদের প্রবেশ কার্যত বন্ধ করা যায়।

মানবাধিকার সংগঠন এবং আন্তর্জাতিকভাবে সমর্থিত ফিলিস্তিন কর্তৃপক্ষ বলছে, পরিবহন ব্যবস্থায় পরিবর্তন এনে ইসরায়েল এমন একটি ব্যবস্থা গড়ে তুলছে, যেখানে ইসরায়েলি ও ফিলিস্তিনি পরিচয়পত্রধারীদের জন্য আলাদা সড়ক ব্যবহারের বাস্তবতা তৈরি হবে।

উচ্ছেদে ক্ষতিগ্রস্ত দোকানমালিক মোহাম্মদ আবু ঘালিয়ে ধ্বংসযজ্ঞ দেখে হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, তাঁর বাবা প্রায় ৪৮ বছর ধরে দিন-রাত পরিশ্রম করে এই ব্যবসা গড়ে তুলেছিলেন, কিন্তু একদিনেই সব শেষ হয়ে গেছে।

এম জি