ভারতের রাজধানী দিল্লিতে একটি স্লিপার বাসের ভেতরে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসটির চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে দিল্লির রানি বাগ এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার নারী পিতমপুরার একটি বস্তি এলাকায় বসবাস করেন এবং মঙ্গোলপুরীর একটি কারখানায় কাজ করেন।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের ব্যবহৃত বাসটি জব্দ করা হয়েছে। পাশাপাশি ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।
অভিযোগ অনুযায়ী, সোমবার রাতে কাজ শেষে প্রতিদিনের মতো বাড়ি ফিরছিলেন ওই নারী। এ সময় সরস্বতী বিহারের একটি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি স্লিপার বাসের কাছে গিয়ে দরজায় থাকা এক ব্যক্তির কাছে সময় জানতে চান।
তখন তাকে জোর করে বাসের ভেতরে তুলে নেওয়া হয় বলে অভিযোগ।
পুলিশের ভাষ্য, এরপর অভিযুক্তরা বাসটি নিয়ে নাংলই এলাকার দিকে যায়। সেখানেই চলন্ত বাসের ভেতরে ওই নারীকে ধর্ষণ করা হয়।
পুলিশ আরও জানিয়েছে, নির্যাতিত নারী বিবাহিত এবং তার তিন সন্তান রয়েছে। ঘটনার পর তার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। পরে অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় আরো তদন্ত চলছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন