যুক্তরাজ্যের লেবার সরকারের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং পদত্যাগ করেছেন। এতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকার নতুন রাজনৈতিক চাপের মুখে পড়েছে। ক্ষমতায় আসার দুই বছরের কম সময়ের মধ্যেই স্টারমারের নেতৃত্ব এখন বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে।
গত সপ্তাহের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির বিপর্যয়ের পর থেকেই দলটির ভেতরে স্টারমারের পদত্যাগের দাবি জোরালো হতে থাকে। খবরটি জানিয়েছে আল জাজিরা।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে স্ট্রিটিং জানান, স্টারমারের নেতৃত্বের ওপর তার আর ‘আস্থা’ নেই।
স্ট্রিটিং বলেন, ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসে দলের পরাজয়ের পেছনে লেবার পার্টির জনপ্রিয়তা কমে যাওয়া একটি ‘বড় ও অভিন্ন কারণ’ হিসেবে কাজ করেছে।
তিনি আরও বলেন, এখন স্পষ্ট যে কিয়ার স্টারমার আগামী সাধারণ নির্বাচনে লেবার পার্টিকে নেতৃত্ব দেবেন না। লেবার এমপি ও শ্রমিক ইউনিয়নগুলো এখন ব্যক্তিকেন্দ্রিক দ্বন্দ্ব নয়, বরং ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা নিয়ে আলোচনা চায়।
স্ট্রিটিং বলেন, নেতৃত্ব নিয়ে একটি বিস্তৃত ও শক্তিশালী প্রার্থী তালিকা থাকা প্রয়োজন এবং তিনি সেই প্রক্রিয়াকে সমর্থন করেন। তবে তিনি সরাসরি নেতৃত্ব চ্যালেঞ্জের ঘোষণা দেননি। তা সত্ত্বেও তার পদত্যাগ স্টারমারের ওপর রাজনৈতিক চাপ আরও বাড়িয়েছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন