যুক্তরাষ্ট্রের ওপর ইরানের কোনো আস্থা নেই বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে তিনি বলেছেন, ওয়াশিংটন সত্যিকার অর্থে আন্তরিক হলে তবেই ইরান আলোচনায় আগ্রহ দেখাবে।
ভারত সফরকালে নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে।
আরাগচি বলেন, ইরানের সঙ্গে যুদ্ধে জড়িত নয়-এমন সব জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে। তবে যেসব জাহাজ ওই প্রণালি অতিক্রম করবে, তাদের ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে।
তিনি বলেন, গুরুত্বপূর্ণ এই নৌপথ ঘিরে বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে পরস্পরবিরোধী বার্তা পাওয়ায় আলোচনার ক্ষেত্রে ওয়াশিংটনের প্রকৃত উদ্দেশ্য নিয়ে তেহরানের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে।
পাকিস্তানের মধ্যস্থতার উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, সেই প্রচেষ্টা ব্যর্থ হয়নি, তবে বর্তমানে তা জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।
আরাগচি জানান, কূটনীতিকে সুযোগ দিতে ইরান যুদ্ধবিরতি বজায় রাখার চেষ্টা করছে। তবে প্রয়োজন হলে আবারও যুদ্ধে ফিরতে প্রস্তুত রয়েছে তেহরান।
তার এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে, ইরান ইস্যুতে তার ধৈর্য ফুরিয়ে আসছে।
এদিকে ট্রাম্প বলেন, চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে আলোচনায় তিনি একমত হয়েছেন যে, তেহরানকে অবশ্যই হরমুজ প্রণালি আবার খুলে দিতে হবে।
অন্যদিকে আব্বাস আরাগচি বলেন, যে কোনো দেশ সহায়তা করতে সক্ষম হলে ইরান তা স্বাগত জানাবে, বিশেষ করে চীনকে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন