ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষের পর আগুন, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৫:৩৯ পিএম
ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষের পর আগুন, নিহত ৮

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভয়াবহ এক সড়ক ও রেল দুর্ঘটনায় অন্তত ৮ জন নিহত হয়েছেন এবং আরও ২৫ জন আহত হয়েছেন। 

শনিবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে উদ্ধারকারী কর্তৃপক্ষ ও স্থানীয় পুলিশ, যা পরে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স প্রকাশ করে।

প্রত্যক্ষদর্শী ও কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, একটি ট্রেনের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের কয়েকটি গাড়ি, মোটরসাইকেল এবং অন্যান্য যানবাহনে ছড়িয়ে পড়ে, ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী ও উদ্ধারকারী দল। তারা আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে কাজ শুরু করে। দমকলকর্মীরা পানি ছিটিয়ে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এ ঘটনায় একটি ট্রেন, একটি যাত্রীবাহী বাস, কয়েকটি গাড়ি এবং মোটরসাইকেল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও উদ্ধারকর্মীরা এখনও সম্ভাব্য নিখোঁজ বা আটকে পড়া ব্যক্তিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এম জি