খামেনির উপদেষ্টা

ইরানের সংযম চিরকাল বজায় থাকবে না

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ১৭, ২০২৬, ১২:২২ এএম
ইরানের সংযম চিরকাল বজায় থাকবে না

ইরানের কৌশলগত ধৈর্য ও সংযম চিরকাল বজায় থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতার শীর্ষ উপদেষ্টা ও সহকারী মোহাম্মদ মোখবের। একই সঙ্গে পারস্য উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশের তীব্র সমালোচনা করে তিনি অভিযোগ করেন, এসব দেশ নিজেদের স্বাধীনতা বিসর্জন দিয়ে ইরানের শত্রুদের জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মোখবের পারস্য উপসাগরীয় অঞ্চলের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, বহু বছর ধরে ইরান প্রতিবেশী দেশগুলোকে বন্ধু ও ভাই হিসেবে দেখে এসেছে। কিন্তু দুঃখজনকভাবে কিছু দেশ নিজেদের স্বাধীনতা বিকিয়ে দিয়ে ফিলিস্তিন ও ইরানের শত্রুদের হাতে নিজেদের ভূখণ্ড ও স্থাপনা তুলে দিয়েছে।

মোখবের আরও বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ডের ঘাঁটিগুলোর বিরুদ্ধে ইরান যে সামরিক পদক্ষেপ নিয়েছে, সেটিকে পূর্ণাঙ্গ হামলা হিসেবে বিবেচনা করা ঠিক হবে না।

একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ইরানের সংযত আচরণ ও কৌশলগত ধৈর্য অনির্দিষ্টকাল ধরে চলবে না।

তার এই বক্তব্যকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: তাসনিম নিউজ

এম জি