ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় রাজধানী নয়াদিল্লিতে তীব্র বিক্ষোভ করেছেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। জাতীয় পরীক্ষা সংস্থা এনটিএ বিলুপ্ত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শনিবার রাজপথে নেমে আসে প্রধান বিরোধী দল কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই।
বিক্ষোভকারীরা ব্যারিকেড অতিক্রমের চেষ্টা করে নানা স্লোগান দেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং কয়েকজন আন্দোলনকারীকে আটক করে।
এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতির দাবি করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। সংস্থাটি জানিয়েছে, এ ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে পুনের রসায়নের অধ্যাপক পিভি কুলকার্নিকে গ্রেফতার করা হয়েছে।
তদন্তে জানা গেছে, এনটিএর পরীক্ষাপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকায় প্রশ্নপত্রে প্রবেশাধিকার ছিল তার। সেই সুযোগ কাজে লাগিয়ে পরীক্ষার আগেই নিজের ব্যক্তিগত ব্যাচের শিক্ষার্থীদের কাছে প্রশ্ন ও উত্তর পৌঁছে দেন তিনি। পরে সেগুলোর সঙ্গে মূল প্রশ্নপত্রের হুবহু মিল পাওয়া যায়।
এই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জয়পুর, গুরুগ্রাম ও নাসিকসহ বিভিন্ন শহর থেকে আরও কয়েকজনকে গ্রেফতার করেছে সিবিআই। দেশজুড়ে অভিযান চালিয়ে গুরুত্বপূর্ণ নথি ও ইলেকট্রনিক ডিভাইস জব্দ করেছে তদন্তকারীরা।
প্রায় ২৩ লাখ শিক্ষার্থীর ভবিষ্যতের সঙ্গে জড়িত এই পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় তীব্র সমালোচনার মুখে গত মঙ্গলবার পরীক্ষা বাতিল ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আগামী ২১ জুন পুনরায় পরীক্ষা নেওয়ার তারিখ ঘোষণা করেন।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন