তুরস্কে বন্দুকধারীর গুলিতে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ১৯, ২০২৬, ১২:১৪ এএম
তুরস্কে বন্দুকধারীর গুলিতে নিহত ৪

তুরস্কের দক্ষিণাঞ্চলীয় মেরসিন শহরে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।

সোমবার স্থানীয় সময় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম।

খবরে বলা হয়, হামলাকারী প্রথমে একটি রেস্তোরাঁয় ঢুকে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে সেখান থেকে গাড়িতে পালানোর সময় অন্য একটি স্থানে আরও দুজনকে গুলি করে হত্যা করে সে।

মেরসিন শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে তারসুস এলাকার দিকে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই বন্দুকধারীকে ধরতে ব্যাপক অভিযান শুরু করেছে তুরস্কের পুলিশ। স্থলপথের পাশাপাশি আকাশপথেও হেলিকপ্টার ব্যবহার করে তল্লাশি চালানো হচ্ছে।

পুলিশের প্রাথমিক ধারণা, হামলাকারী ১৭ বছর বয়সী এক কিশোর। হামলার সময় তার হাতে শটগান ছিল। তবে কী কারণে সে এই হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, তুরস্কে কিশোরদের জড়িত সহিংস ঘটনার সংখ্যা নিয়ে উদ্বেগ বাড়ছে। এর এক মাস আগেও দেশটিতে দুই কিশোরের পৃথক বন্দুক হামলা আলোচনার জন্ম দিয়েছিল।

এম জি