স্ত্রীকে ৫০ হাজারে বিক্রি করে দিল স্বামী

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ২৭, ২০২৬, ১১:৪০ পিএম
স্ত্রীকে ৫০ হাজারে বিক্রি করে দিল স্বামী

ভারতের গুজরাটে নিজের স্ত্রীকে ৫০ হাজার রুপিতে বিক্রি করে দেওয়ার অভিযোগে স্বামীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরবর্তীতে ভুক্তভোগী ওই নারীকে উদ্ধার করা হলে তিনি তাঁর ওপর চলা অমানুষিক নির্যাতনের বিবরণ দেন।

পুলিশের বরাত দিয়ে জানা যায়, গুজরাটের বানাসকান্থা জেলার পালনপুর পশ্চিম থানায় গত ১৯ মে নিকেশ প্যাটেল নামের এক ব্যক্তি তাঁর স্ত্রী নিখোঁজ হয়েছেন বলে ডায়েরি করেন। শুরুতে তিনি নিজেকে একজন উদ্বিগ্ন স্বামী হিসেবে প্রকাশ করলেও তদন্তের একপর্যায়ে তাঁর কথাবার্তায় বেশ অসঙ্গতি খুঁজে পায় পুলিশ।

পরবর্তীতে তাঁকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজের অপরাধ স্বীকার করেন। তদন্তে বেরিয়ে আসে, স্ত্রীকে পছন্দ না হওয়ায় বন্ধুদের সঙ্গে যোগসাজশ করে তাঁকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন নিকেশ।

পুলিশ জানায়, মূলত ঘুরতে যাওয়ার নাম করে ওই নারীকে একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে ৫০ হাজার রুপির বিনিময়ে তাঁকে অন্য চক্রের হাতে তুলে দেওয়া হয়।

স্বীকারোক্তি পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে একটি গোপন আস্তানা থেকে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে। উদ্ধার হওয়ার পর তিনি অভিযোগ করেন, তাঁকে আটকে রেখে চরম শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। সেই সঙ্গে তাঁর শরীরের গহনাও ছিনিয়ে নেওয়া হয়।

এই ঘটনায় মানব পাচার, অপহরণ, নির্যাতন এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ প্রধান অভিযুক্ত স্বামী নিকেশ প্যাটেলসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে। পুরো ঘটনাটি নিয়ে বর্তমানে বিস্তারিত তদন্ত চলছে।

জেএইচআর