মন্ত্রিত্ব ছাড়লেন কংগ্রেস নেতা রামালিঙ্গা রেড্ডি

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৫:০৯ পিএম
মন্ত্রিত্ব ছাড়লেন কংগ্রেস নেতা রামালিঙ্গা রেড্ডি

শপথ নেওয়ার মাত্র তিন দিনের মাথায় মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন ভারতের কংগ্রেস নেতা রামালিঙ্গা রেড্ডি। পছন্দের দপ্তর না পাওয়াকে কেন্দ্র করেই তার এই পদত্যাগ কর্ণাটকের নবগঠিত সরকারের ভেতরে অস্বস্তি তৈরি করেছে।

শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত বুধবার কর্ণাটক মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন রামালিঙ্গা রেড্ডি। এরপর বৃহস্পতিবার দপ্তর বণ্টনের পর তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং শুক্রবার পদত্যাগপত্র জমা দেন।

রেড্ডির অভিযোগ, মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার তাকে বেঙ্গালুরু উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তাকে সেচ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়, যা তিনি মেনে নিতে পারেননি।

পদত্যাগের ব্যাখ্যায় তিনি বলেন, মুখ্যমন্ত্রী হওয়ার আগেই ডি কে শিবকুমার তার বাসায় গিয়ে বেঙ্গালুরু উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ওই সময় তিনি কোনো নির্দিষ্ট মন্ত্রণালয় চাননি, বরং মুখ্যমন্ত্রীর প্রস্তাবেই সম্মতি দেন।

তার দাবি, শিবকুমার তাকে একই প্রতিশ্রুতি দুইবার দিয়েছিলেন। কিন্তু দপ্তর বণ্টনের সময় সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়নি।

এই কারণেই তিনি মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানান রেড্ডি।

এছাড়া তিনি আরও বলেন, ভবিষ্যতে বেঙ্গালুরু উন্নয়ন দপ্তর দেওয়া হলেও তিনি মন্ত্রিসভায় ফিরবেন না। তিনি বিধায়ক হিসেবেই দায়িত্ব পালন করবেন এবং কংগ্রেসের সঙ্গেই থাকবেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার তার ১৩ সদস্যের মন্ত্রিসভার দপ্তর বণ্টন করেন। দলীয় সূত্রে জানা গেছে, রামালিঙ্গা রেড্ডি বেঙ্গালুরু উন্নয়ন দপ্তর পাওয়ার বিষয়ে অনড় অবস্থানে ছিলেন, তবে শেষ পর্যন্ত তিনি সেই দায়িত্ব পাননি।

এম জি