সৌদিতে এক সপ্তাহে ৭ হাজার ৭৬০ প্রবাসী আটক

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ৮, ২০২৬, ১২:২০ এএম
সৌদিতে এক সপ্তাহে ৭ হাজার ৭৬০ প্রবাসী আটক

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ৭ হাজার ৭৬০ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রোববার এ তথ্য প্রকাশ করেছে গালফ নিউজ।

মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত দেশজুড়ে পরিচালিত নিরাপত্তা অভিযানে এসব প্রবাসীকে আটক করা হয়। এর মধ্যে ৪ হাজার ৬৯০ জনকে ইতোমধ্যে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৪ হাজার ৬০ জন আবাসন আইন, ২ হাজার ৫৭৪ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ১ হাজার ১২৬ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত। বিভিন্ন নিরাপত্তা সংস্থা ও সরকারি প্রতিষ্ঠানের সমন্বিত অভিযানে তাদের আটক করা হয়েছে।

একই সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের চেষ্টার অভিযোগে আরও ১ হাজার ১৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে প্রায় ৭০ শতাংশ ইথিওপিয়ার নাগরিক, ২৮ শতাংশ ইয়েমেনের নাগরিক এবং বাকি ২ শতাংশ অন্যান্য দেশের।

এছাড়া অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় ২৫ জন প্রবাসীকে আটক করা হয়েছে। আবাসন ও শ্রম আইন লঙ্ঘনকারীদের পরিবহন কিংবা আশ্রয় দেওয়ার অভিযোগে সৌদিতে বসবাসরত ১৬ জনকেও গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইন লঙ্ঘনের অভিযোগে আটক ১৪ হাজার ৪৯৫ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। বহিষ্কার প্রক্রিয়া সম্পন্নের প্রস্তুতির অংশ হিসেবে আরও ৮৫০ জনকে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

বর্তমানে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ২১ হাজার ৭৭৪ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি কার্যক্রম চলছে। এদের মধ্যে ২০ হাজার ৪৫৫ জন পুরুষ এবং ১ হাজার ৩১৯ জন নারী।

সৌদি আইনে অবৈধভাবে দেশে প্রবেশে সহায়তার অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। এ বিষয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত সতর্কবার্তা দিয়ে আসছে।

বর্তমানে সৌদি আরবে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস। বিশ্বের বিভিন্ন দেশের বিপুল সংখ্যক অভিবাসী শ্রমিক দেশটিতে কর্মরত রয়েছেন। স্থানীয় গণমাধ্যমে নিয়মিতভাবে অবৈধ অভিবাসী ও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানের খবর প্রকাশিত হচ্ছে।

সূত্র: গালফ নিউজ

এম  জি