ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩৪ জন।
সোমবার দেশটির বেসামরিক প্রতিরক্ষা দফতরের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
দফতরের আঞ্চলিক পরিচালক রদ্রিগো সোসমেনা জানান, নিহতদের মধ্যে ১২ জন সোক্সারগেন অঞ্চলের বাসিন্দা। এই অঞ্চলটি দক্ষিণ কোটাবাতো, সুলতান কুদারাত, সারাঙ্গানি এবং জেনারেল সান্তোস সিটি নিয়ে গঠিত।
তিনি আরও জানান, শুধু এই অঞ্চলেই অন্তত ১২৯ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটের দিকে উপকূলীয় মিন্দানাও এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। এতে তাৎক্ষণিকভাবে সুনামি সতর্কতা জারি করা হয়। ভূমিকম্পের তীব্রতায় জেনারেল সান্তোস সিটি ও আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বিভিন্ন বহুতল ভবন, স্কুল এবং একটি ফাস্টফুড রেস্তোরাঁ ধসে পড়ার খবর পাওয়া গেছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ ঘটনায় জেনারেল সান্তোস আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। উদ্ধারকাজে সেনাবাহিনী ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলো কাজ শুরু করেছে।
দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জানিয়েছেন, জরুরি সেবা সংস্থাগুলোকে সক্রিয় করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
তিনি জনগণকে সুনামি ও পরবর্তী ঝুঁকি বিষয়ে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন