মাল্টার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৪:১৯ পিএম
মাল্টার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবে নিহত ১০

ভূমধ্যসাগরে মাল্টার উপকূলের কাছে ইউরোপগামী অভিবাসীদের একটি নৌকা ডুবে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

ইতালির কোস্টগার্ড জানিয়েছে, নৌকাটি লিবিয়ার উপকূল থেকে যাত্রা শুরু করেছিল। এতে প্রায় ৬০ জন আরোহী ছিলেন।

কোস্টগার্ডের বিবৃতিতে বলা হয়, নৌকাটি উল্টে যাওয়ার পর মাল্টা কর্তৃপক্ষ উদ্ধার অভিযান শুরু করে এবং ইতালির কাছে সহায়তা চায়। পরে ইতালীয় টহলজাহাজ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, উদ্ধারকারীরা এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করেছে। একই সঙ্গে নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে। দুর্ঘটনার সময় অনেক যাত্রী সাগরে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থলের কাছে থাকা একটি মাছ ধরার জাহাজ প্রায় ৪৮ জনকে জীবিত উদ্ধার করেছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে নারী ও শিশুও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে তাদের পরিচয় ও জাতীয়তা এখনো নিশ্চিত করা হয়নি।

লিবিয়া ও উত্তর আফ্রিকা থেকে ইতালি ও মাল্টার দিকে যাত্রা করা মধ্য ভূমধ্যসাগরীয় রুটকে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ অভিবাসন পথ হিসেবে বিবেচনা করা হয়। যুদ্ধ, দারিদ্র্য ও রাজনৈতিক সংকট থেকে বাঁচতে প্রতি বছর হাজারো মানুষ এই পথে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন, তবে অনিরাপদ নৌযান ও প্রতিকূল পরিস্থিতির কারণে প্রায়ই প্রাণহানি ঘটে।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছরে এই রুটে অন্তত ৮২৭ জনের মৃত্যু হয়েছে। সংস্থাটির হিসাবে, ২০২৫ সালেও এই পথে এক হাজার ৩৩০ জনের বেশি মানুষের মৃত্যু ঘটেছিল।

মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই ভূমধ্যসাগরে উদ্ধার অভিযান জোরদার এবং অভিবাসীদের জন্য নিরাপদ ও বৈধ পথ নিশ্চিত করার আহ্বান জানিয়ে আসছে। সর্বশেষ এই দুর্ঘটনা আবারও ইউরোপমুখী অভিবাসন সংকট নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

এম জি