আজাদ কাশ্মীরে পাকিস্তানি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৭:৩২ পিএম
আজাদ কাশ্মীরে পাকিস্তানি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের মুজাফফারাবাদের কাছে পাকিস্তান সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় হেলিকপ্টারে থাকা সবাই নিহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।

পাকিস্তানের সামরিক বাহিনী ও সরকারের কাছে কাশ্মীর দীর্ঘদিন ধরেই অত্যন্ত সংবেদনশীল একটি বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। ভারতের সঙ্গে বছরের পর বছর ধরে চলমান সংঘাত এবং গত বছরের পূর্ণাঙ্গ যুদ্ধের পর এ অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে।

গত কয়েকদিন ধরে আজাদ কাশ্মীরে সহিংস বিক্ষোভও চলছে। সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত একটি অধিকার বিষয়ক গোষ্ঠীর ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়। এতে অঞ্চলটির প্রধান শহর ও রাজধানী মুজাফফারাবাদসহ বিভিন্ন এলাকায় দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

এমন পরিস্থিতির মধ্যেই বুধবার এই হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটে। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং এক বিবৃতিতে জানায়, কারিগরি ত্রুটির কারণে মুজাফফারাবাদের কাছে পাকিস্তান বিমান বাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বিমানের সকল আরোহী শাহাদাত বরণ করেছেন। তবে নিহতের সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, ভারত ও পাকিস্তান উভয়ই কাশ্মীরের সম্পূর্ণ মালিকানা দাবি করে আসছে।

এম জি