আজাদ কাশ্মীরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত ২২ 

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৯:০৪ পিএম
আজাদ কাশ্মীরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত ২২ 

পাকিস্তান-নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে পাক সেনাবাহিনীর একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২২ জন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১১ জুন) নিরাপত্তা সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।

পাক সেনাবাহিনীর মিডিয়া উইং জানায়, বুধবার (১০ জুন) মুজাফফারাবাদের কাছে কারিগরি ত্রুটির কারণে পাকিস্তান বিমান বাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা সবাই নিহত হয়েছেন।

নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১৯ জন সেনাসদস্য, একজন মেজর এবং দুইজন কর্নেল রয়েছেন।

দুর্ঘটনার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিধ্বস্ত স্থানের আকাশে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা যায়। পরে নিহতদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তাদের কফিন পাকিস্তানের জাতীয় পতাকায় মোড়ানো ছিল।

এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করেছে সেনাবাহিনী।

এম জি