মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তির চূড়ান্ত খসড়া প্রস্তুত হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
শুক্রবার (১২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
শেহবাজ শরিফ লেখেন, চুক্তির পরবর্তী ধাপগুলো চূড়ান্ত করতে পাকিস্তান দুই পক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। তার ভাষায়, যুদ্ধ অবসানের ক্ষেত্রে এমন অগ্রগতি আগে কখনও এত কাছাকাছি আসেনি।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সমঝোতা চুক্তির কাছাকাছি পৌঁছেছে দুই দেশ। তিনি বলেন, চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত বিষয়বস্তু নিয়ে গণমাধ্যমের অনুমানভিত্তিক প্রতিবেদন থেকে বিরত থাকা উচিত এবং যথাসময়ে সব তথ্য জানানো হবে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত সম্ভাব্য যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া বলে দাবি করেন। তিনি বলেন, এসব তথ্যের সঙ্গে বাস্তব চুক্তির কোনো মিল নেই এবং বিষয়টি নিয়ে কাজ করা সম্মানজনক হচ্ছে না।
তিনি আরও মন্তব্য করেন, ইরানের সঙ্গে সৎভাবে কাজ করার সুযোগ কঠিন হয়ে পড়েছে।
চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দুই দিন সংঘর্ষের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে পরে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে একটি প্রাথমিক সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র।
বিশ্লেষকদের মতে, খসড়া চুক্তি নিয়ে আলোচনা চললেও এখনো পূর্ণ সমঝোতায় পৌঁছানো হয়নি এবং দুই পক্ষের অবস্থানে পার্থক্য রয়ে গেছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন