ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বিদায়ী অনুষ্ঠান, জানাজা ও দাফনের বিস্তারিত সময়সূচি ঘোষণা করেছে তেহরান। আগামী ৯ জুলাই মাশহাদের ইমাম রেজা (আ.) মাজারে তাঁকে সমাহিত করা হবে বলে দেশটির সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, রাজধানী তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় ৪ ও ৫ জুলাই মরহুম নেতার বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর ৬ জুলাই তেহরানে এবং ৭ জুলাই পবিত্র শহর কোমে তাঁর জানাজা ও শোকযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সবশেষ চূড়ান্ত জানাজা ৯ জুলাই মাশহাদে অনুষ্ঠিত হবে এবং সেখানেই তাঁকে দাফন করা হবে।
আয়োজকরা দেশ-বিদেশের সাধারণ মানুষ, ইসলামি অনুসারী এবং ইরান বিষয়ে আগ্রহীদের এই শেষকৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এই শোকানুষ্ঠান আয়োজনের প্রধান ভূমিকা জনগণের হাতেই থাকবে এবং এতে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ প্রত্যাশা করছে দেশটি।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তেহরানে নিজ বাসভবনে মার্কিন ও ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। ওই সময় দুই রাষ্ট্র যৌথভাবে ইরানের বিরুদ্ধে এক সামরিক অভিযান শুরু করে, যাতে তাঁর পরিবারের সদস্য এবং বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডারসহ বহু ইরানি নাগরিক প্রাণ হারান।
এর কিছুদিন পর, ইরানের ৮৮ জন ধর্মগুরুর সমন্বয়ে গঠিত বিশেষজ্ঞ পরিষদ আয়াতুল্লাহ আলি খামেনির পুত্র ৫৬ বছর বয়সী মোজতবা খামেনিকে দেশটির তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।
সূত্র: প্রেস টিভি
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন