ইসরাইলি মন্ত্রী

ট্রাম্পের শান্তিচুক্তি মানা আমাদের জন্য বাধ্যতামূলক নয়

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০২:৪৩ পিএম
ট্রাম্পের শান্তিচুক্তি মানা আমাদের জন্য বাধ্যতামূলক নয়

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও শান্তিচুক্তি হলেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরাইল। তবে দেশটির কট্টরপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এই চুক্তির কড়া সমালোচনা করেছেন।

সোমবার (১৫ জুন) তিনি বলেন, আমরা এই চুক্তির অংশীদার নই। এটি আমাদের নিরাপত্তা নিশ্চিত করে না এবং কোনোভাবেই আমাদের জন্য বাধ্যতামূলক নয়।

বেন-গভির আরও বলেন, হিজবুল্লাহকে সম্পূর্ণভাবে নিরস্ত্রীকরণ ও ধ্বংস ছাড়া ইসরাইল সন্তুষ্ট হতে পারে না। তিনি লেবাননভিত্তিক এই সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, লেবানন থেকে ইসরাইলের দিকে কোনো ড্রোন বা ক্ষেপণাস্ত্র ছোড়া হলে তার জবাবে দাহিয়াহ এলাকায় হামলা চালানো হবে।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ঘোষণা দেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও চুক্তির কথা নিশ্চিত করেন।

শেহবাজ শরিফ জানান, সব ফ্রন্টে সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধে দুই পক্ষ একমত হয়েছে। পাশাপাশি চুক্তির বাস্তবায়ন নিয়ে আগামী সপ্তাহে প্রাক-আলোচনা এবং শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক স্বাক্ষরের কথা রয়েছে।
 
তথ্যসূত্র: বিবিসি

এম জি